রংপুর, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের বদরগঞ্জ উপজেলা সদরে দমকল বিভাগের কার্যালয় ও ব্র্যাকের দুধ ক্রয় ও শীতলীকরণ কেন্দ্রে বৃহস্পতিবার ভোরে ডাকাতি হয়েছে।
ডাকাতরা অস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারিদের হাত-পা বেঁধে বেদম মারধর করে মোবাইল ফোন সেট, টাকা, মোটরসাইকেল ও বাইসাইকেল লুটে নিয়ে গেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- সামসুল ও মোসলেম। এদের পরিচয় জানা যায়নি।
তবে লুন্ঠিত মাল উদ্ধার হয়নি। গ্রেপ্তার হয়নি ডাকাতদের কেউ।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভোর ৪ টার দিকে পৌর এলাকার জামুবাড়ী মহল্লায় অবস্থিত দমকল বিভাগের কার্যালয় ও ব্র্যাকের দুধ ক্রয় ও শীতলীকরণ কেন্দ্রে ১৫/২০ জনের একদল ডাকাত হানা দেয়।
ডাকাতরা ব্র্যাক কেন্দ্রের ঢুকে ব্যবস্থাপক মজিবুল হকসহ সব কর্মকর্তা-কর্মচারিকে হাত-পা বেঁধে বেদম মারধর করে ছয়টি মোবাইল ফোন সেট, একটি বাই সাইকেল ও নগদ প্রায় দুই লাখ টাকা লুট করে।
একই সময় ডাকাতরা পাশের দমকল বিভাগের কার্যালয়ে ঢুকে কর্তব্যরত দমকল কর্মী ইসমাইলকে বেদম মারধর করে আটকে রাখে এবং তার কাছে থাকা মোবাইল ফোন সেট ও মোটরসাইকেল নিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের মারধরে আহত দমকল কর্মী ইসমাইলকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি পাঠায়। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও ওসি জানান।
তিনি জানান, ব্র্যাক কেন্দ্রের ব্যবস্থাপক মজিবুল হক একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৯ ঘ.
bdnews24