ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেল হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামি দফাদার মারফত আলী ও দফাদার আবুল হাশেম মৃধাকে বৃহস্পতিবার অব্যাহতি দিয়েছে হাইকোর্ট।
এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রিসালদার মোসলেমউদ্দিনসহ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আট জনের সাজা বহাল রয়েছে।
মামলাটিতে নিম্ন আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর দীর্ঘ ২৬ কার্যদিবস শুনানির পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চ বৃহস্পতিবার রায় ঘোষণা শেষ করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, "এ রায়ে আমি হতাশ। যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিতে দেখেছেন তারা এ রায়ে মর্মাহত। আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করব।"
রায়ে হাইকোর্ট বলেছে, তদন্তকারী কর্তৃপক্ষ প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। কেবল তিনজন সাক্ষী ছাড়া অন্য সাক্ষীরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী, আবুল হাসেম মৃধার বিরুদ্ধে জোড়ালো সাক্ষ্য দেননি। শুধু তিন জনের সাক্ষীর উপর ভিত্তি করে হত্যা মামলায় দণ্ড দেওয়া যৌক্তিক নয়।
বেঞ্চ যে আট জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখেছে তারা হলেন- অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদ, মেজর শরিফুল হক ডালিম, লেফটেন্যান্ট কর্নেল নূর চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল রাশেদ চৌধুরী, মেজর আহমদ শারফুল হোসেন, ক্যাপ্টেন আবদুল মাজেদ, ক্যাপ্টেন মো. কিসমত হাশেম, ক্যাপ্টেন নাজমুল হোসেন আনসার। এরা সবাই পলাতক।
রায়ে বলা হয়, যেসব সাক্ষী আদালতে সাক্ষ্য দেওয়ার সময় বলেছে যে তারা বঙ্গভবন ও কারাগারে উপস্থিত ছিল, তাদের বক্তব্য আদালতের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। বঙ্গভবনের কর্মচারীদের মধ্যে যারা সাক্ষী দিয়েছে তাদের সাক্ষ্যও বিশ্বাসযোগ্য নয়। কারণ ওই রাতে তারা সেখানে কেন উপস্থিত ছিল তার বিশ্বাসযোগ্য কোনো ব্যাখ্যা নেই।
বঙ্গভবন ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিবন্ধন বই নিম্ন আদালতে উপস্থাপন করা হয়নি জানিয়ে রায়ে বলা হয়, ওই দিন বঙ্গভবনে সেনা কর্মকর্তাদের আসা-যাওয়া প্রমাণ করে না যে, এই হত্যার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিল। আসামিদের সনাক্তকরণের বিষয়টিও অসামঞ্জস্যপূর্ণ। সাক্ষীদের কেউ বলেছে সেনাবাহিনীর সদস্যরা খাঁকি পোশাকে ছিল, আবার কেউ বলেছে, তাদের পরনে কালো পোশাক ছিল।
এ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী কর্নেল সাফায়েত জামিলের বক্তব্যও অসামঞ্জস্যপূর্ণ বলে অভিমত দিয়েছে আদালত।
রায়ের পর খালাসপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে মোসলেমউদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে এবং মারফত আলী ও আবুল হোসেন মৃধাকে খালাস দিয়েছে।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার আড়াই মাস পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার চার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডের পরদিন পুলিশের তখনকার ডিআইজি আবদুল আওয়াল মোসলেমউদ্দিনসহ চার জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
দীর্ঘ ২৩ বছর মামলাটি কার্যত হিমাগারে থাকার পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৯৯৮ সালের ১৫ অক্টোবর আসামি মোসলেমউদ্দিন ও লে. কর্নেল সৈয়দ ফারুক রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
দীর্ঘ ৬ বছর মামলার বিচার চলার পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন। রায়ে আদালত মোসলেমউদ্দিন, মারফত আলী ও আবুল হাসেম মৃধাকে মৃত্যুদণ্ড দেয়।
এছাড়া সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও বজলুল হুদাসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
মেজর মো. খায়রুজ্জামান ও রাজনীতিক কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নূরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরকে এ হত্যাকাণ্ডের দায় থেকে অব্যাহতি দেয় নিম্ন আদালত।
নিম্ন আদালতের রায়ের দীর্ঘ চার বছর পর গত ১৩ জুলাই জেল হত্যা মামলায় আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে শুরু হয়।
গত ১৮ আগস্ট হাইকোর্ট রায় দেয়া শুরু করে।
আসামিদের মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন কারাগারে রয়েছেন।
হাইকোর্টে ফারুক ও মহিউদ্দিনের পক্ষে শুনানিতে অংশ নেন খান সাইফুর রহমান। সুলতান শাহরিয়ার রশিদ খানের পক্ষে ছিলেন আবদুর রেজ্জাক খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএইচডি/এসএম/এএল/আরএ/জেকে/জিএনএ/১৭২৮ ঘ.
bdnews24