ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আলী আজগর লবী, নাজিম উদ্দিন আলম, আলমগীর মো. মাহফুজ্জল্লাহ ফরিদ, কামাল আহমেদ মজুমদার, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর, সাবেক শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও সিলেটের মেয়র বদরুদ্দিন কামরান ও বসুন্ধরার পরিচালক আবু সুফিয়ানকে জামিন দিয়েছে হাইকোর্ট।
(সংশোধনীসহ)
এছাড়া গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির সাবেক মন্ত্রী শামসুল ইসলামের জামিন আরও চারমাস বাড়ানো হয়েছে।
বুধবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ এসব জামিনের আদেশ দেয়।
নয়টি মামলায় বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদকে ছয় মাসের জামিন ও একটি মামলায় সিলেটের মেয়র কামরানকে ছয় মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ।
অন্যদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবরকে সাব্বির হত্যা ধামাচাপা দেয়া মামলায় তাকে ২২ অক্টোবর পর্যন্ত জামিন ও কার্যক্রম ওইদিন পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ঘোষিত আয়ের বাইরে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
ঘোষিত আয়ের বাইরে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলায় রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু ও বিএনপির সাবেক সাংসদ আলী আজগর লবীকেও ছয় মাসের জামিন ও মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে দুই মাস জামিন ও মামলার কার্যক্রম দুই মাস স্থগিত করেছে আদালত।
এছাড়াও গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির সাবেক মন্ত্রী শামসুল ইসলামের জামিন আরও চারমাস বাড়ানো হয়েছে।
এদিকে সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারকে জামিন দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ। বন কাটা মামলায় আলমগীর মো. মাহফুজ্জল্লাহ ফরিদকে ছয় মাসের ও বসুন্ধরার পরিচালক আবু সুফিয়ানকে এক বছরের জামিন দিয়েছে আদালত।
অন্যদিকে ইলিয়াস আলীর বিরুদ্ধে একটি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্টের একই বেঞ্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৬১২ ঘ.
bdnews24