২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপা ক্ষোভ ও নীরব প্রতিবাদের মধ্য দিয়ে 'ফুলবাড়ী দিবস' পালিত

চাপা ক্ষোভ ও নীরব প্রতিবাদের মধ্যদিয়ে মঙ্গলবার পালিত হয়েছে 'ফুলবাড়ী দিবস'। ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রকল্প বাতিল ও এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে জনতার মিছিলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

দিনাজপুর, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাপা ক্ষোভ ও নীরব প্রতিবাদের মধ্যদিয়ে মঙ্গলবার পালিত হয়েছে 'ফুলবাড়ী দিবস'। ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রকল্প বাতিল ও এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে জনতার মিছিলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালায়। এতে নিহত হন তিন জন এবং আহত হন দুই শতাধিক মানুষ। এ ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে ফুলবাড়ীর মানুষ 'ফুলবাড়ী দিবস' পালন করেছে। সকাল সাড়ে ৯ টায় ফুলবাড়ী শহরের ঢাকা মোড় থেকে হাজার হাজার নারী-পুরুষ শোক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে ফুলবাড়ী ছোট যমুনা নদীর পূর্ব প্রান্তে নবনির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভ চত্ত্বরে গিয়ে শেষ হয়। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়ে চিরতরে পঙ্গুত্ববরণকারী বাবলু রায় ছিলেন শোভাযাত্রার সম্মুখভাগে। শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরু"ল আহসান খান, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, বিপ্লবী ঐক্য ফ্রন্টের আহবায়ক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ নেতা শুভ্রাংশু চক্রবর্তী, লেখক নুর মোহাম্মদ, ড. শামসুল আলম, আব্দুল মতিন তালুকদার প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সংগঠনগুলো হল- দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর নাগরিক উদ্যোগ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণফ্রন্ট, সিপিবি, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাতীয় আদিবাসী পরিষদ, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক অধিকার আন্দোলন, বাংলাদেশ মহিলা পরিষদ, ফুলবাড়ী ঔষধ ব্যবসায়ী সমিতি, ফুলবাড়ী প্রেসক্লাব, প্রচেষ্টা গ্রন্থাগার, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতি, থানা মুক্তিযোদ্ধা সংসদ, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারি ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ডেকোরেটর মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনসহ শতাধিক সংগঠন। জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে শহীদ সালেকীনের বাবা আফছার আলী ও মা শেফালি খাতুন এবং আমীনের বাবা আব্দুল হামিদ ও মা রেহেনা খাতুনও স্মৃতি সৌধে এসেছিলেন সন্তানদের ফুল দিয়ে ভালোবাসা জানাতে। শ্রদ্ধা নিবেদনের পর সমবেত ২০ হাজারেরও বেশি মানুষ শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করে। গণসংগীত পরিবেশন করেন গণসংস্কৃতি ফ্রন্ট ও স্থানীয় শিল্পীরা। এরপর অধ্যাপক আনু মুহাম্মদ 'ফুলবাড়ী দিবস-২০০৮' এর ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে বলা হয়, গত বছর ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও এশিয়া এনার্জির ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। জনগণের সঙ্গে জোট সরকারের স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নেও কোন উদ্যোগ নেয়নি। এ কারণে এশিয়া এনার্জি এখনও গোপনে ও প্রকাশ্যে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের হাতে গোনা কয়েকজন সাংবাদিক, পরামর্শদাতা, আমলা ও রাজনীতিককে নিয়ে তারা নানা ভুঁইফোড় সংগঠন তৈরি করে অপপ্রচারে লিপ্ত আছে। এশীয় উন্নয়ন ব্যাংক, ব্রিটিশ হাইকমিশন ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থা সরাসরি তাদের পক্ষে তদবীর ও চাপ সৃষ্টি করে যাচ্ছে বলেও ঘোষণাপত্রে অভিযোগ করা হয়। এশিয়া এনার্জি বা অন্য কোন বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষায় কোন কৌশল অবলম্বন না করে বা প্রশ্রয় না দিয়ে অবিলম্বে এশিয়া এনার্জিকে বহিষ্কার ও কথিত দালালদের বিচারসহ 'ফুলবাড়ী চুক্তি'র পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়। এছাড়া উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন, বিদেশি কোম্পানিকে ইজারা এবং কয়লা রপ্তানি না করার দাবি জানানো হয় ঘোষণাপত্রে। ফুলবাড়ী দিবস উপলক্ষে উপজেলা সদরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। র‌্যাব, পুলিশসহ তিনশ' আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন ছি। দিনাজপুরের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল নিজে উপস্থিত থেকে আইন শৃংখলা কার্যক্রম তদারক করেন। কর্মসূচি চলাকালে ফুলবাড়ী সদরের সব দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, কাঁচাবাজার, হোটেল ও রেস্তোরাঁ এমনকি ওষুধের দোকানও বন্ধ ছিল। ফুলবাড়ী দিবসের কর্মসূচিতে প্রায় শতাধিক রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন অংশ নিলেও আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির কোন নেতাকে দেখা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৭ ঘ.