২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলন কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও উৎপাদন শুরুর দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে পাট-সূতা-বস্ত্র কল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 10:10 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও উৎপাদন শুরুর দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে পাট-সূতা-বস্ত্র কল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। আগামী ৩ সেপ্টেম্বর ১৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা প্রধান কার্যালয়ের সামনে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি এবং ৯ সেপ্টেম্বর প্রত্যেকটি কারখানার আশেপাশে মানববন্ধন কর্মসূচি পালন করবে। মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের আসাদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক আবুল বাশার। এতে অভিযোগ করা হয়, পাটকল শ্রমিক কর্মচারীদের ১৯৯৮ সালের বর্ধিত মজুরি, ২০০৫ সালের মজুরি ও উৎপাদনশীলতা কমিটির বর্ধিত মজুরি এবং নিয়মিত সাপ্তাহিক মজুরি ও বেতন দীর্ঘদিন ধরে পরিশোধ করা হচ্ছে না। এছাড়া অনেক আইনসঙ্গত পাওনাও দীর্ঘদিন বকেয়া রয়েছে। আবুল বাশার বলেন, "সরকার ও কর্তৃপক্ষ প্রচলিত শ্রম আইন ও বিধি বিধান ভাঙছে। সরকারের ঘোষণা অনুযায়ী শ্রমিকদের ২০ শতাংশ মহার্ঘ্য ভাতাও দেওয়া হচ্ছে না। মৌসুম শুরু হওয়ার পর দুইমাস পেরিয়ে গেলেও রাষ্ট্রায়ত্ত কলগুলোতে পাট কেনার ব্যবস্থা না করার কারণে উৎপাদন প্রায় বন্ধ হয়ে আছে।" তিনি আরও বলেন, "শ্রমিক আন্দোলনের জন্য বরখাস্তকৃত ও ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহাল এবং ট্রেড ইউনিয়নের কার্যক্রমের ওপর থেকে সব বিধিনিষেধ প্রত্যাহার করে নিতে হবে।" সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, শফি উদ্দিন আহমদ, লুৎফুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/জিএনএ/১৫৫৪ ঘ.