নড়াইল, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল-মাগুরা সড়কে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
সকাল ১০টার দিকে বাগডাঙ্গা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে আহত বাসযাত্রীরা জানিয়েছেন।
আহতদের মধ্যে ১৫ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত যাত্রী রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাগুরা থেকে নড়াইলগামী যাত্রীবাহী বাসটি সকাল ১০টার দিকে বাগডাঙ্গা এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ৪০ যাত্রী কম-বেশি আহত হয়।"
দুর্ঘটনায় আহত ১৫ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মিলন (২২) নামে এক জন মারা যায়। তার বাড়ি নড়াইল সদর উপজেলার কোমখালী গ্রামে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মশিউল আযম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১২ ঘ.
bdnews24