২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পাহাড়ে অবৈধ বসবাসকারীদের সরিয়ে নেয়ার নির্দেশ

নগরীর বিভিন্ন পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের আগামী ৩ সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম পাহাড় ব্যবস্থাপনা কমিটি। এছাড়া পাহাড় রক্ষায় করণীয় নির্ধারণে গঠিত কারিগরি কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 05:47 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

চট্টগ্রাম, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বিভিন্ন পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের আগামী ৩ সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম পাহাড় ব্যবস্থাপনা কমিটি। এছাড়া পাহাড় রক্ষায় করণীয় নির্ধারণে গঠিত কারিগরি কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার রাতে নগরীর সার্কিট হাউজে ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম শহরের অধিকাংশ পাহাড়ের মালিক ওয়াসা, সিডিএ, রেলওয়ে, পুলিশ কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। এসব পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের আগামী ৩ সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।" তিনি জানান, পুনর্গঠিত কারিগরি কমিটি আগামী ১০ দিনের মধ্যে এসব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দিক নির্দেশনাসহ সুপারিশ দেবে। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান এই সুপারিশের ভিত্তিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোকে সরিয়ে নেয়া এবং পাহাড় রক্ষার ব্যবস্থা নেবে। জাফর আলম জানান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোজাম্মেল হককে কারিগরি কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) প্রধান প্রকৌশলী ইকবাল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হোসাইন জামিলের সভাপতিত্বে এ সভায় জেলা প্রশাসক আশরাফ শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব শামসুদ্দোহাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত বৈঠক চলে। চট্টগ্রামে গত দুই বছরে বিভিন্ন পাহাড় ধসের ঘটনায় দেড়শ'রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১৮ আগস্ট মতিঝর্ণায় পাহাড় ধসে মারা গেছে ১১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/এমএইচবি/২৩৩৯ ঘ.