২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রেনের ইঞ্জিনে 'বিএনপি সমর্থকদের' আগুন

বগুড়ার গাবতলী স্টেশনে লালমনিরহাট থেকে সান্তাহারগামী 'পদ্মরাগ' ট্রেন এর ইঞ্জিনে সোমবার রাতে আগুন ধরিয়ে দেয় একদল লোক। পুলিশ বলছে, আগ্নিসংযোগকারীরা বিএনপি'র সমর্থক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

বগুড়া, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার গাবতলী স্টেশনে লালমনিরহাট থেকে সান্তাহারগামী 'পদ্মরাগ' ট্রেন এর ইঞ্জিনে সোমবার রাতে আগুন ধরিয়ে দেয় একদল লোক। পুলিশ বলছে, আগ্নিসংযোগকারীরা বিএনপি'র সমর্থক। রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা তৎক্ষণাৎ আগুন নিভিয়ে ফেলেন। তবে ট্রেনটির চালক নাসির উদ্দিন ও সহকারী চালক আনোয়ার হোসেন আহত হয়েছেন। তাকে গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাবতলী স্টেশনের সহকারী মাস্টার মো. বেঞ্জুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ২টায় ট্রেনটি লালমনিরহাট থেকে ছেড়ে আসে। রাত ৮টা ২০ মিনিটে গাবতলী স্টেশনে পৌঁছালে একদল লোক ইঞ্জিনে আগুন ধরিয়ে দেয়। গাবতলী থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, "ট্রেনটি স্টেশনে পৌঁছার সঙ্গে সঙ্গে বিএনপির একদল সমর্থক ইঞ্জিনে আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয় লোকজনের সহায়তায় রেল কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে। সহকারী স্টেশন মাস্টার বলেন, "চালক আহত থাকায় ট্রেনটির ইঞ্জিনের অবস্থা কী তা বলা যাচ্ছে না। অন্য স্টেশন থেকে একজন চালক এলে তবেই ট্রেনটি গাবতলী থেকে সরানো যাবে।" রাত সোয়া ১০টার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনটিকে নিয়ে যাওয়ার জন্য লালমনিরহাট থেকে একজন চালক এসে পৌঁছেছেন। আধাঘণ্টার মধ্যে ট্রেনটি রওনা দিতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/২২১৭ ঘ.