দিনাজপুর, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি নিয়ে প্রাণহানির ঘটনা- 'ফুলবাড়ী ট্র্যাজেডি'র দ্বিতীয় বার্ষিকী মঙ্গলবার।
দিবসটি স্মরণে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, শোক র্যালি এবং অস্থায়ী স্মৃতিস্তম্ভে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে ফুলবাড়ী রক্ষা কমিটি।
২০০৬ সালের এই দিনে ফুলবাড়ীর মানুষ তাদের বসতবাড়ি, ভিটামাটি রক্ষার জন্য উন্মুক্ত কয়লা খনি প্রকল্প বাতিলের দাবিতে প্রতিবাদ বিক্ষোভের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন সালেকীন (২০), তরিকুল (২১) ও আমিন (১৩)। আহত হন দুই শতাধিক মানুষ।
দিবসটি উপলক্ষে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির দিনাজপুর জেলা শাখা সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
ফুলবাড়ী রক্ষার কমিটির অন্যতম নেতা সাইফুল ইসলাম জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটি কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, শোক র্যালি এবং অস্থায়ী স্মৃতিস্তম্ভে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে।
ফুলবাড়ী পৌর এলাকাসহ এর আশপাশের এলাকায় ভূগর্ভে কয়লা পাওয়ার পর ২০০৫ সালের ২ অক্টোবর 'এশিয়া এনার্জি' নামে একটি বিদেশি কোম্পানি ফুলবাড়ীতে কয়লা খনির সম্ভাবতা যাচাইয়ের কাজ শুরু করে। তারা ওই এলাকায় ১১টি কূপ খনন করে।
এর পর এক পর্যায়ে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু করে এশিয়া এনার্জি। এর ফলে পরিবেশ বিপর্যয়ের আশংকা এবং এলাকার প্রায় ৪০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে ফুলবাড়ীর মানুষ 'ফুলবাড়ী রক্ষা কমিটি' ব্যানারে আন্দোলন শুরু করে।
এর ধারাবাহিকতায় ২০০৬ সালের ২৬ আগষ্ট দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মানুষ উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল ও এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে মিছিল বের করলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর গুলিতে সালেকীন (২০), তরিকুল (২১) ও আমিন (১৩) নিহত হন।
এই ঘটনায় ফুঁসে উঠে ফুলবাড়ীসহ পাশ্ববর্তী উপজেলার মানুষ। এ সময় এশিয়া এনার্জির স্থানীয় কার্যালয় ভেঙে দেয় উত্তেজিত জনতা। তীব্র আন্দোলনের ফলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফুলবাড়ীর সঙ্গে সাতদিন সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে।
৩১ আগস্ট তখনকার জোট সরকারের একজন উপমন্ত্রী ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ফুলবাড়ীতে এসে আন্দোলনরত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। এশিয়া এনার্জিকে প্রত্যাহার, হতাহতদের ক্ষতিপূরণসহ ছয়দফা চুক্তি স্বাক্ষরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৪৬ ঘ.
bdnews24