২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার বেতাগী পৌর সভার মেয়র কারাগারে

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীকে লাঞ্ছিত করা এবং ভয়-ভীতি দেখানোর অভিযোগে বরগুনার বেতাগী পৌরসভার মেয়র মো. শাহজাহান কবিরকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

বরগুনা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীকে লাঞ্ছিত করা এবং ভয়-ভীতি দেখানোর অভিযোগে বরগুনার বেতাগী পৌরসভার মেয়র মো. শাহজাহান কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বরগুনা অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে জামিনের আবেদন জানালেও হাকিম কাজী আবদুল হান্নান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম গত বছর ১০ মার্চ বরগুনা জেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান কবিরসহ নয়জনকে আসামি করে বেতাগী থানায় মামলাটি করেন। ওই বছর ১১ জানুয়ারি বর্তমা তত্ত্ববধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে শাহজাহান কবির পলাতক ছিলেন। মামলার অভিযোগে বলা হয়, শাহজাহান কবিরের ছোট ভাই জাহাঙ্গীর হোসেনসহ আসামিরা অবৈধভাবে পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে করাত কল চালিয়ে আসছিল। ২০০৭ সালের ৯ মার্চ মামলার বাদী বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আসামিরা তাকে মারধর ও লাঞ্ছিত করেন। শাহজাহান কবির তাকে ভয়-ভীতি দেখিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। ২০০৭ সালের ১৯ অক্টোবর নয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। শাহজাহান কবির অভিযোগ অস্বীকার করে আদালতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে "আমি ষড়যন্ত্রের শিকার। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।" শাহজাহান কবিরের বিরুদ্ধে ভূয়া বিল দাখিল করে সরকারি অর্থ আত্মসাতের আরও একটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৩২ ঘ.