ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী ও ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের সভাপতি আনোয়ারা বেগমের নামে বরাদ্দ মোহাম্মদপুর রামচন্দ্রপুর খালের ইজারা বাতিলের চিঠি সোমবার ঢাকার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের উপসচিব শামস আল মুজাদ্দেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতির স্ত্রী ড. আনোয়ারা বেগমের নামে থাকা রামচন্দ্রপুর মৌজার শূন্য দশমিক ৩৩ শতাংশ জমির বরাদ্দ বাতিল করা হয়েছে। বরাদ্দ বাতিলের চিঠি আজ জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়েছে।"
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ গত বৃহস্পতিবার এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করেন।
স্কুল কর্তৃপক্ষ ওই খাল স্থায়ী বন্দোবস্ত নিতে যে টাকা জমা দিয়েছিল, তা ফেরত দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কেও চিঠি দেওয়া হবে।
ব্রিটিশ কলাম্বিয়া স্কুল কর্তৃপক্ষ ২০০৪ সালে ৩০ মার্চ জমি বন্দোবস্ত দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। খালের জমি ইজারা দেওয়ার বিধান না থাকলেও পরে রাজধানীর পানিপ্রবাহের অন্যতম পথ রামচন্দ্রপুর খালের অংশবিশেষ অকৃষি খাসজমি দেখিয়ে ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের সভাপতি ও রাষ্ট্রপতির স্ত্রী ড. আনোয়ারা বেগমের নামে বন্দোবস্ত দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচডি/জেকে/এমএইচবি/১৯১৪ ঘ.
bdnews24