ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
বিএনপির এই দুই নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দুটি বেঞ্চ মামলা দুটি স্থগিতের আদেশ দেন।
একই দিন বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন পাঁচটি মামলায় জামিন পেয়েছেন।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ মির্জা আব্বাসের দুর্নীতি মামলার ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয়। মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারকে আদেশ দিয়েছে আদালত।
লুৎফুজ্জামান বাবরের মামলাটির ওপর স্থগিতাদেশ দেয় বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ। আদালত তিন মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না, আগামী চার সপ্তাহের মধ্যে তা তা জানাতে দুর্নীতি দমন কমিশন এবং সরকারকে নির্দেশ দিয়েছে।
এদিকে বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ পাঁচটি মামলায় মামুনের জামিনের আবেদন মঞ্জুর করে।
চারটি চাঁদাবাজি মামলায় এবং নাইকো দুর্নীতি মামলায় আদালত মামুনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৮৪৮ ঘ.
bdnews24