ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় গাজীপুরে তৈরি পোশাক কারখানা এনএজেড বাংলাদেশ লিমিটেডে শনিবার বিক্ষোভ ও ভাঙচুর করেছে শ্রমিকরা। এনএজেড কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে।
এদিকে সন্ধ্যায় সাভারের নরসিংহপুর এলাকায় এস-২১ নামের একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে একদল বহিরাগত ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।
আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, দুই শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় দুপুরে রাজেন্দ্রপুরের তৈরি পোশাক কারখানা এনএজেড বাংলাদেশ লি. এর শ্রমিকরা ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় কারখানার ৬ কর্মকর্তা আহত হন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম খান জানান, উচ্ছৃঙ্খল আচরণের কারণে এনএজেড কর্তৃপক্ষ শুক্রবার আতিক (৪৩) ও আব্দুল জলিল (২৫) নামে দুই শ্রমিককে জন্য কারণ দর্শাতে বলে। এর প্রতিবাদে বেলা আড়াইটার দিকে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার নিচতলার মেশিনপত্র ও জানালা দরজা ভাঙচুর করে।
তাদের বাধা দিতে গেলে কারখানার ব্যবস্থাপক মো. টিটু, মার্চেন্ডাইজার শরীফ হোসেন, কাটিং ইনচার্জ কাশেম, স্টোর কিপার ফারুক হোসেন, সুপারভাইজার মো. আলম ও সমন্বয়কারী মিজানুর রহমান শ্রমিকদের হাতে প্রহৃত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আমাদের সাভার প্রতিনিধি জানান, সন্ধ্যায় সাভারের নরসিংহপুর এলাকায় এস-২১ নামের একটি তৈরি পোশাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে বহিরাগত কিছু লোক। এতে কর্মকর্তাসহ ৭ জন আহত হয়েছেন।
আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাহিরাগত ১৫/২০ জন শ্রমিক হঠাৎ এস-২১ কারখানায় হামলা চালিয়ে জানালা দরজার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করে।
এ ঘটনার প্রতিবাদে এস-২১ এর বিক্ষুব্ধ শ্রমিকরা সন্ধ্যায় প্রায় আধঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- এস-২১ এর শ্রমিক মতিউর রহমান এবং রূপকথা সুয়েটার্সের শ্রমিক শাহজাহান মিয়া ও ইকবাল হোসেন।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে রফিকুল ইসলাম জানান।
এস-২১ কারখানার এক আহত শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানার মহা ব্যবস্থাপক (জিএম) মো. নাদিম বিনা কারণে শ্রমিক ছাঁটাই করতেন। এর প্রতিবাদ করায় তিনি ভাড়া করে বহিরাগত লোক দিয়ে এ হামলা চালিয়েছেন।"
এ ব্যাপারে মো. নাদিম বলেন, "কী কারণে এ হামলা চালানো হয়েছে তা আমি জানি না। তবে ভাঙচুরের কারণে প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৫০ ঘ.
bdnews24