মৌলভীবাজার, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার শেরপুর বাজারে শনিবার দু'গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।
এদের মধ্যে গুরুতর আহত কালাই মিয়া (৩০), শাহাবুদ্দিন (৩৫), বাদশা (৫০), লেইছ মিয়া (২৮) ও শিপনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে অপর আহতদের নাম জানা যায়নি। তাদের মৌলভীবাজার সদর হাসপাতাল, ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এবং মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা আব্দুস সালাম প্রত্যক্ষ্যদর্শীর বরাত দিয়ে জানান, শুক্রবার বিকেলে শেরপুর বাজারে একটি মার্কেটের সিঁড়িতে ওঠা নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ইমরান ও পার্শ্ববর্তী সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের খসরুপুর গ্রামের শিপনের মধ্যে ঝগড়া হয়।
এ ঘটনার জের ধরে শনিবার দুপুর ১২টার দিকে খসরুপুর গ্রামের লোকজন শেরপুর বাজারে এসে বাহাদুরপুর ইউনিয়নের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের প্রায় দেড় হাজার মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে লাঠিসোটা, ইটপাটকেল ও কাঁচের বোতল ছোঁড়াছুড়িতে দুপক্ষের ৩০ থেকে ৩৫ জন আহত হন।
খবর পেয়ে মৌলভীবাজার, ওসমানীনগর ও শেরপুর হাইওয়ে থানার পুলিশ এবং র্যাব-৯ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বলেও জানান ওসি সালাম।
মৌলভীবাজারের পুলিশ সুপার ব্যারিস্টার এম জিল্লুর রহমানও ঘটনাস্থলে যান।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফুলুর মিয়া ও সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির মিয়া পুলিশ সুপারের কাছে লিখিত প্রতিশ্র"তি দিয়েছেন।
খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান ফুলুর মিয়া জানান, সংঘর্ষের সময় কমপক্ষে অর্ধশতাধিক দোকানে লুটপাট হয়েছে।
এ ঘটনায় আগামী সোমবার পুলিশ সুপার এম জিল্লুর রহমান দুপক্ষকে নিয়ে একটি সালিশ করবেন বলেও জানান তিনি।
পুলিশ সুপার এম জিল্লুর রহমান বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় মৌলভীবাজার থানায় মামলার প্রস্তুতি চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৯ ঘ.
bdnews24