২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ইউনিটের মধ্যে চারটি চালু

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া সাতটি ইউনিটের মধ্যে শনিবার দুপুরের মধ্যে চারটি ইউনিট চালু হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক এ তথ্য জানিয়েছেন। (আরও তথ্যসহ ৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া সাতটি ইউনিটের মধ্যে শনিবার দুপুরের মধ্যে চারটি ইউনিট চালু হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক এ তথ্য জানিয়েছেন। কর্তৃপক্ষ এ বিষয়ে এক তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। (আরও তথ্যসহ ৩) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবদুল খালেক বলেন, "শুক্রবার রাত ১২ টা থেকে ১টার মধ্যে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম জিটি (গ্যাস টারবাইন) ১ ও ৩৫ মেগাওয়াট উৎপাদনে সক্ষম জিটি ২ ইউনিট চালু হয়। শনিবার সকাল ৯টার দিকে ১৪০ মেগাওয়াট উৎপাদনে সক্ষম ৪ নং ইউনিট চালু হয়েছে। বেলা ১টার দিকে ১৩৫ মেগাওয়াট উৎপাদনে সক্ষম ৫ নং ইউনিট চালু হয়েছে।" শুক্রবার রাত ৮টার দিকে স্টিম টারবাইন ইউনিটের টিউব বিস্ফোরিত হলে কেন্দ্রের ৮টি ইউনিটের ৭টিতেই উৎপাদন বন্ধ হয়ে যায়। চারটি ইউনিট চালু হওয়ায় চালু থাকা আরেকটি ইউনিটসহ জাতীয় গ্রিডে মোট ৪০৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বলে ব্যবস্থাপনা পরিচালক জানান। তবে এখনো তিনটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রিডে ১০১ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে না। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. এর চেয়ারম্যান রেজোয়ান আহমেদ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (জেনারেশন) মোর্তুজ আলী শনিবার সকালে বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করে দ্রুত বন্ধ ইউনিটগুলো চালু করার নির্দেশ দেন। তারা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের মহাব্যবস্থাপক রফিকুল আলমকে আহ্বায়ক করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুর্ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া ও তার পাশের জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর গত ১৩ আগস্ট গুরুত্বপূর্ণ এ বিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিটে উৎপাদন শুরু হয়। স্থাপনের সময়ে এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৭২৪ মেগাওয়াট থাকলেও ৮টি ইউনিটের মধ্যে ৭টিরই আয়ুষ্কাল ফুরিয়ে যাওয়ায় এ ৭ ইউনিট থেকে এখন মাত্র ৫০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসকে/১৬০৯ঘ.