ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেজবাহ উল আলমকে শুক্রবার বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দুজন জেলা প্রশাসককে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।
বরিশালের আগের বিভাগীয় কমিশনার হারুন চৌধুরীকে (যুগ্ম সচিব) প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া মফিজুল ইসলামকে শুক্রবার আরেক আদেশের মাধ্যমে মৌলভীবাজার এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া আ ক ম শাহিদুর রহমানকে চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
আগামী ৩১ আগস্টের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
পৃথক এক আদেশে ভূমি সংস্কার বোর্ডের সদস্য সৈয়দ আবু রায়হানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফখরুল ইসলামকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার ৩৮টি জেলা প্রশাসক পদে রদবদল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/জেকে/এমএইচবি/২২১৫ ঘ.
bdnews24