২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়াঙ্গনে দুর্নীতি বা রাজনীতি সহ্য করা হবে না: মইন

সেনাবাহিনী প্রধান ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনে দুর্নীতি বা রাজনীতি কোনটাই সহ্য করা হবে না। শুক্রবার বিকেলে নোয়াখালী সার্কিট হাউজে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনে দুর্নীতি বা রাজনীতি কোনটাই সহ্য করা হবে না। শুক্রবার বিকেলে নোয়াখালী সার্কিট হাউজে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, "স্টেডিয়ামগুলোতে কোনো রাজনীতি চলবে না। চলবে খেলাধুলা এবং এ সংক্রান্ত কর্মকাণ্ড। মাদকমুক্ত সমাজ গড়তে হলে ক্রীড়াঙ্গনে চাঞ্চল্য ফিরিয়ে আনতে হবে।" স্কুল পর্যায় থেকে খেলোয়াড় সৃষ্টির জন্য তিনি স্কুল ও কলেজ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও খেলোয়াড়দের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন। জেনারেল মইন বলেন, "ভাল খেলোয়াড় সৃষ্টি করতে হলে দক্ষ কোচ আনতে হবে। প্রতিটি ক্রীড়া ফেডারেশন ও ক্রীড়া সংস্থাকে অবশ্যই প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে।" তিনি দুঃখ করে বলেন, "দেশে ৩৮টি ক্রীড়া ফেডারেশন আছে। ফেডারেশনের কর্মকর্তারা আছেন। কিন্তু ক্রীড়াঙ্গনে তেমন কোনো সাফল্য নেই।" এ ব্যাপারে খেলোয়ার, ক্রীড়ামোদী, সংগঠক ও কর্মকর্তাদের একযোগে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান। তিনি জানান, জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ২৬ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১৬টি স্টেডিয়ামের মেরামত ও উন্নয়ন কাজ করা হবে। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবদুল হকের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে সংস্থার সহ সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক সামছুল হাসান মীরন, সদস্য আবু তাহের, সদস্য আজিজুল হক বাচ্চু, সহকারী সাধারণ সম্পাদক রফিকউল্লা আক্তার মিলন বক্তব্য রাখেন। সেনাবাহিনীর কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আনোয়ার হোসেন, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হালিম, পুলিশ সুপার খন্দকার লুৎফুল কবির ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজান উল আলম মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএইচবি/২০৩৫ ঘ.