ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি বৃহস্পতিবার দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে রোববার (২৪ আগস্ট) সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে গীতাযজ্ঞ, বেলা ৩টায় মিছিল ও রাতে কৃষ্ণপূজা। এছাড়া ২৯ আগস্ট একটি আলোচনা সভার আয়োজন করা হবে।
বৃহস্পতিবার সকালে ঢাকেশ্বরী মন্দির মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সত্যেন চন্দ্র ভক্ত এ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালনের জন্য সারা দেশে শাখা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল বলেন, "জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবন ও প্রধান প্রধান সরকারি ভবনে আলোকসজ্জা করা; রাজধানীর প্রধান প্রধান সড়ক জাতীয় পতাকা ও শুভেচ্ছা বাণী দিয়ে সজ্জিত করা; কারাগার, হাসপাতাল, অনাথ আশ্রম ও এতিমখানায় উন্নমানের খাবার সরবরাহ করা এবং সরকারি প্রচার মাধ্যমগুলোতে দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচারের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা।"
সাংবাদিক সম্মেলনে দুই সংগঠনের নেতারা অর্পিত (শত্র") সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়ন এবং ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনেরও দাবি জানান।
অন্যান্যের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি কাজল দেবনাথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/১৯১৭ ঘ.
bdnews24