ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে পৃথক পৃথক মামলায় জামিনের আদেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ এ আদেশ দেন।
বিক্রির জন্য অবৈধভাবে বিদেশী মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী মওদুদকে জামিন দেয় হাইকোর্ট।
অবৈধ সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে দুই মাসের জামিন দেয় একই আদালত।
চাঁদাবাজি মামলায় বিএনপি দলীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরীকে হাইকোর্টের একই বেঞ্চ তিন মাসের জামিন এবং ওই মামলার কার্যক্রম চার মাসের জন্য স্থগিতের করে।
এই তিনটি মামলায় আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুবুউদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন এবং শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে দায়ের করা অন্যসব মামলায় হাইকোর্ট জামিন দেওয়ায় তাদের মুক্তি পেতে আর কোনো আইনগত বাধা নেই।''
এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন নাইকো দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ বৃহস্পতিবার তাকে জামিন দিয়ে মামলার কার্যক্রম তিন মাসের স্থগিত রাখার আদেশ দেন।
গতবছরের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন ও এ কে এম মোশাররফ হোসেনকে যৌথ বাহিনী বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে।
গত ১৮ আগস্ট শহীদউদ্দিন চৌধুরী মহানগর বিশেষ দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএম/জিএনএ/১৮২৯ ঘ.
bdnews24