চট্টগ্রাম, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে ডুবে যাওয়া চালবাহী শ্রীলংকান জাহাজের প্রধান প্রকৌশলী অং খিনকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উদ্ধার করা যায়নি।
বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি ওয়েল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে শ্রীলংকান জাহাজ বাদুলা ভ্যালি ডুবে যায়। জাহাজটি ভারত থেকে তিন হাজার ছয়শ' টন চাল নিয়ে এসেছিল। অপর জাহাজ হ্যাং জু বন্দরে মালামাল খালাস করে খালি অবস্থায় বহির্নোঙরে অবস্থান করছিল।
দুর্ঘটনার পরপরই জাহাজের ১৭ জন নাবিকের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়। জাহাজটির প্রধান প্রকৌশলী মিয়ানমারের নাগরিক অং খিন (৫৬) দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন।
বন্দরের রেডিও কন্ট্রোল কর্মকর্তা জহুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহির্নোঙরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। অন্য জাহাজ যাতে দুর্ঘটনাস্থল এড়িয়ে যেতে পারে সেজন্য বৃহস্পতিবার সকালে সেখানে একটি 'মার্কিং বয়া' স্থাপন করা হয়েছে।
এছাড়া বেতারের মাধ্যমে বহির্নোঙরে চলাচলকারী ও অবস্থানরত সব জাহাজকে দুর্ঘটনাস্থলের অবস্থান জানিয়ে তা এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে টাগবোট কান্ডারি জাহাজটির অবস্থান পর্যবেক্ষণের জন্য সেখানে অবস্থান করছে।
কর্তৃপক্ষ বন্দরের জলসীমার মূল চ্যানেলে জাহাজটি ডুবে যাওয়ায় তা উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে। এজন্য বন্দর ও বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি দল গঠনের প্রস্তুতি চলছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ।
তিনি জানান, দুর্ঘটনার কারণে ক্ষয়ক্ষতি এবং জাহাজটি তুলতে বন্দরের যে খরচ হবে তা দাবি করে শিপিং এজেন্টকে চিঠি দেওয়া হবে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত দুই সদস্যের কমিটি কাজ শুরু করেছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৫৩৫ ঘ.
bdnews24