২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ সম্পদ অর্জনের মামলায় আখতারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ার মামলায় বুধবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

চট্টগ্রাম, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ার মামলায় বুধবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের চট্টগ্রামের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন। জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে গত বছর ২৭ ডিসেম্বর ঢাকার রমনা থানায় মামলা করে কমিশন। তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্তে আখতারুজ্জামান চৌধুরী বাবুর প্রায় আট কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তিনি সম্পদের অর্জনের উৎস ও খাতের মিথ্যা বিবরণী জমা দিয়েছেন। আওয়মী লীগের এ নেতা এখন পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এসএনডি/২১২৬ ঘ.