ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে শ্রমিক ধর্মঘটের কারণে দেশের স্থলবন্দরগুলোতে বুধবার আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। বন্দরগুলোতে পণ্য আসা-যাওয়া ছিল না বললেই চলে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ নানা দাবিতে ভারতের বামপন্থী শ্রমিক সংগঠনগুলো বুধবার সে দেশে ধর্মঘট ডাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার সোনামসজিদ বন্দর দিয়ে ভারত থেকে আমদানি পণ্য বোঝাই কয়েকটি ট্রাক এলেও বাংলাদেশ থেকে পণ্যবাহী কোনও ট্রাক ওপারে যায়নি।
বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের উপ-ব্যবস্থাপক বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত থেকে ৬০টি ট্রাক বুধবার স্থলবন্দরে আসে। অন্য সময় এ সংখ্যা ২০০ ছাড়িড়ে যায়। বাংলাদেশ থেকেও রপ্তানি পণ্যবাহী কোনও ট্রাক যায়নি।"
বুধবার আসা ট্রাকগুলো মঙ্গলবার বিকালেই ভারতের মোহদিপুর বন্দরে এসে পৌঁছে বলে বেলাল হোসেন জানান।
বেনাপোল প্রতিনিধি জানান, বুধবার বেনাপোল বন্দর দিয়ে আমদানি বা রপ্তানি পণ্যবাহী কোনও গাড়িরই আসা-যাওয়া ছিল না।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার সুপারিনটেনডেন্ট রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ থেকে মাছ ও কাঁচা পাটজাত পণ্যবাহী শতাধিক ট্রাক বেনাপোলে আটকে আছে। ভারত থেকেও বুধবার কোনও ট্রাক আসেনি।"
তিনি জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন ৩০০ ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে আসে এবং বাংলাদেশ থেকে যায় ২০০টির মতো।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবলা ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "ভারতের বন্দরে পিঁয়াজসহ পচনশীল পণ্য বোঝাই প্রায় দুই শতাধিক ট্রাক আটকে আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৪৪ ঘ.
bdnews24