২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে না পাঠালে তারেক জিয়া স্থায়ীভাবে পঙ্গু হতে পারেন: চিকিৎসক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে দ্রুত বিদেশে না পাঠালে তিনি স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে দ্রুত বিদেশে না পাঠালে তিনি স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আর্থ্রোস্কোপিক সার্জারি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক কাজী মাজহারুল ইসলাম দোলন মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে একদল সাংবাদিকের কাছে তার এ আশঙ্কার কথা জানান। 'যথাযথ চিকিৎসা না পাওয়ায়' তারেক রহমান ইতিমধ্যেই আংশিকভাবে পঙ্গু হয়ে গেছেন মন্তব্য করে তিনি বলেন, "তারেককে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। নইলে তার স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়ার আশংকা রয়েছে।'' কাজী মাজহারুল ইসলাম জানান, অধ্যাপক সিরাজুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গঠিত মেডিকেল বোর্ড ইতিমধ্যে তারেক রহমানকে বিদেশে পাঠানোর সুপারিশ করেছেন। কাজী মাজহারুল ইসলাম নিজেও সেই বোর্ডের সদস্য। প্রিজন সেলে চিকিৎসাধীন তারেক রহমানকে প্রতিদিনের মতো মঙ্গলবারও দেখে আসার কথা উল্লেখ করে চিকিৎসক মাজহারুল ইসলাম বলেন,'' তারেক রহমানের ডান পায়ের মাংসপেশি শুকিয়ে যাচ্ছে। উঁচুমাত্রার ওষুধ সেবনে তার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি শ্বাসকষ্টেও ভুগছেন।'' তারেক চোখের গ্লকোমা রোগে আক্রান্ত হয়েছেন বলেও জানান চিকিৎসক। তারেক রহমানকে ৩১ জানুয়ারি বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা শিক্ষায়তন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। গত বছরের ৭ মার্চ সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক ব্যাপক ক্ষমতার অপব্যবহার করেন বলে অভিযোগ আছে। তার বিরুদ্ধে কয়েকটি চাঁদাবাজি ও ঘুষ নিয়ে হত্যা মামলা থেকে রেহাই দেওয়ার অভিযোগসহ ১৭টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৭০৭ঘ.