মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বয়ংসম্পূর্ণ ও নির্ভুল তথ্যভাণ্ডার (ডাটাবেজ) হাতে পাওয়ার পর দেশব্যাপী জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ শুরু করতে চায় স্বতন্ত্র জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ (নিরা)। তারা দায়িত্ব বুঝে নেওয়ার পর কেন্দ্রীয়ভাবে জাতীয় পরিচয়পত্র ইস্যু করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে।
চলতি বছর মে মাসে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে প্রতিষ্ঠিত 'নিরা' চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পুরোদমে কাজ শুরু করতে আগামী বছরের জুন পর্যন্ত সময় লাগতে পারে। এখন কাজ শুরুর রোডম্যাপ করছেন তারা।
গত ১৫ মে জারি করা 'জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ (নিরা), ২০০৮' অধ্যাদেশ অনুযায়ী একজন চেয়ারম্যান ও অনধিক চার সদস্যের সমন্বয়ে নিরা গঠিত হবে। সংস্থার চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে গত ৩০ জুলাই। সরকারের যুগ্ম সচিব বা তার চেয়ে বেশি পদমর্যাদার কর্মকর্তাদের সদস্য নিয়োগের কথা রয়েছে।
চেয়ারম্যান, সহকারী পরিচালক ও অফিস সহকারীসহ মোট ছয়জন এখন পর্যন্ত নিয়োগ পেলেও নিরা-র অর্গানোগ্রাম এখনো তৈরি হয়নি।
লোকবল নিয়োগ, বাজেট নির্ধারণ, প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, প্রশিক্ষণসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সোমবার এক সাক্ষাৎকারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংস্থার চেয়ারম্যান মো. গোলাম হোসেন।
আগারগাঁওয়ে অস্থায়ী ভবনে অফিস শুরু করলেও স্বতন্ত্র ভবন নির্মাণ ও কার্যক্রম শুরুর আগে ইসির সঙ্গে স্মারক চুক্তি করার কথা রয়েছে সংস্থাটির।
প্রতিষ্ঠার পর সোমবারই প্রথম ইসির সঙ্গে সমন্বয় সভা করে নিরা।
মো. গোলাম হোসেন বলেন, "নিরা অধ্যাদেশের অধীনে সরকার নির্ধারিত সেবা পেতে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক নয়। নিরা দায়িত্ব বুঝে নেওয়ার পর কেন্দ্রীয়ভাবে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তা বিতরণ করা হবে।"
বর্তমানে নির্বাচন কমিশন (ইসি) এবং ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্পের সমন্বয়ে জাতীয় পরিচয়পত্র বিতরণ চলছে।
ভোটার তালিকা প্রকল্প'র তথ্যানুযায়ী, ১৭ আগস্ট পর্যন্ত দেশের ৮ কোটি ৫ লাখ ৮৪ হাজার ৮৫৫ জন ভোটার নিবন্ধিত হয়েছে। এরমধ্যে ১৬ আগস্ট পর্যন্ত ৫ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৬৯২টি জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৯৩ হাজার ২৫টি পরিচয়পত্র।
নিরা'র চেয়ারম্যান বলেন, ''ইসি ও ভোটার তালিকা প্রকল্প ভোটারদের নিবন্ধনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র তৈরি ও বিতরণের কাজ চালিয়ে যাচ্ছে। এরপর জাতীয় নির্বাচনের পরে ২০০৯ সালের শুরুতে বড় ধরনের সংশোধনী কার্যক্রম গ্রহণ করবে ইসি। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে থাকা নিরা-র কাছে কার্যক্রম হস্তান্তরের আগে একটি নির্ভুল ও বড় তথ্যভাণ্ডার হাতে পাওয়ার আশা করছি আমরা। পুরো প্রক্রিয়া শেষে জুনের দিকে সংস্থাটি যাত্রা শুরু করতে পারবে।''
তিনি জানান, নিরা স্বতন্ত্রভাবে কাজ করলেও প্রতিবছর ভোটারযোগ্যদের (১৮ বছর ও তদোর্ধ্ব) নিবন্ধনের কাজ করবে ইসি ও ভোটার তালিকা প্রকল্প। তাদের তথ্যই নিরা-র তথ্যভাণ্ডারে যোগ করা হবে।
ভোটার তালিকা অধ্যাদেশ, ২০০৭ অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
নিরা চেয়ারম্যান জানান, নির্ধারিত পদ্ধতিতে ও শর্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিরা-র কাছ থেকে তথ্য-উপাত্ত পেতে আবেদন করতে পারবে। জন্ম বা মৃত্যু সম্পর্কে তথ্য হালনাগাদ করে সংরক্ষণ করা হবে। এছাড়া সংশোধন ও নতুন পরিচয়পত্র প্রদান বা বাতিলের ব্যবস্থা নেবে নিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/জিএনএ/১১৪৯ ঘ.
bdnews24