ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত-পাকিস্তান বৈরী সম্পর্কের দীর্ঘ ইতিহাসের ভেতরে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে পারভেজ মুশাররফের ৯টি বছর ছিল আশা জাগানিয়া।
নিজের দেশে ও আন্তর্জাতিকভাবে একনায়ক হিসেবে পরিচিতির পরও তার আমলে ভারতের সঙ্গে পাকিস্তানের শান্তি প্রক্রিয়া অনেকখানি অগ্রসর হয়। এর একটি কারণ হতে পারে জন্মস্থান ভারতের প্রতি পারভেজ মুশাররফের নাড়ির টান।
১৯৪৩ সালের ১১ আগস্ট দিল্লীর দারিয়াগঞ্জে মুশাররফের জন্ম।
অবিভক্ত পাঞ্জাবের কমিশনার পদ থেকে অবসরে যাওয়ার পর মুশাররফের দাদা কাজী মোহতাশিমউদ্দিন দিল্লীর নেহারওয়ালি হাভেলি কেনেন। মুশাররফের জন্ম ওই বাড়িতেই। অনেকের মতে, আগে এই হাভেলির মালিক ছিলেন খোদ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর।
ব্রিটিশ ভারত ভাগের পর পারভেজ মুশাররফের বাবা সৈয়দ মুশাররফ উদ্দিন চলে যান পাকিস্তানে। চাকরি নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এক সময় পররাষ্ট্র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। মা জেরিন মুশাররফ ১৯৪৪ সালে লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছিলেন।
পারভেজ মুশাররফ মাধ্যমিক পর্যায়ের লেখাপড়া করেন করাচির সেন্ট প্যাট্রিক্স স্কুলে, উচ্চ মাধ্যমিক করেন লাহোরের ফরম্যান খ্রিস্টান কলেজে। পরে দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া ম্যানেজমেন্টের ওপর স্নাতক ডিগ্রি নেন।
১৯৬১ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ভর্তি হন মুশাররফ। ১৯৬৪ তে আর্টিলারি রেজিমেন্টে কমিশন পান। সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ১৯৬৫ সালে জন্মভূমি ভারতের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। দেশবিভাগের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সেটা দ্বিতীয় সংঘাত।
১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে মুশাররফ স্পেশাল সার্ভিস গ্র"পের কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে কাশ্মীরে নবগঠিত এসএসজি-র দায়িত্ব পান। ১৯৯১ সালের ১৫ জানুয়ারি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন মুশাররফ। এরপর ১৯৯৫ সালের ২১ অক্টোবর হন লেফটেন্যান্ট জেনারেল।
১৯৯৮ সালে তৎকালীন জেনারেল জাহাঙ্গীর কারামত ইস্তফা দিলে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আশীর্বাদপুষ্ট পারভেজ মুশাররফ।
তার পরের ইতিহাস সবার জানা।
১৯৯৯ সালের ১২ অক্টোবর রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে সংযোজন হয় জেনারেল পারভেজ মুশাররফের নাম। নিজেকে তিনি সেনাপ্রধান থেকে দেশটির শাসকের পদে অধিষ্ঠিত করলেন।
নানা বিতর্ক আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রায় দুই বছর পার করার পর ২০০১ সালের ২০ জুন পাকিস্তানের দ্বাদশ প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন মুশাররফ। পাকিস্তানের ইতিহাসে তিনি হচ্ছেন চতুর্থ সেনাপ্রধান, যিনি পরে দেশটির প্রেসিডেন্টের পদ দখল করেন।
২০০৭ সালের ৩ নভেম্বর তার প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে সিদ্ধান্ত ঘোষণার মাত্র একদিন আগে সংবিধান স্থগিত করে দেন পারভেজ মুশাররফ। সে সময় প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরীসহ অসংখ্য বিচারককে আটক করা হয়। দেশে জারি করা হয় জরুরি অবস্থা, যা ২০০৭ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ ছিল।
২০০৭ সালের ২৪ নভেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশন প্রেসিডেন্ট পদে তার পুনর্নির্বাচনের বৈধতা দেয়।
পার্লামেন্টে নিশ্চিত অভিশংসনের মাধ্যমে পদচ্যুতি এড়াতে সোমবার পদত্যাগের ঘোষণা দিলেন এই সেনাশাসক।
ব্যক্তিজীবনে মুশাররফ দুই সন্তানের জনক। ছেলে বিল্লাল যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তথ্যপ্রযুক্তির স্নায়ুকেন্দ্র সিলিকন ভ্যালিতে কাজ করছেন। আর মেয়ে আয়েলা রাজা করাচিতে কর্মরত একজন স্থাপত্য প্রকৌশলী হিসেবে।
তথ্যসূত্র: রয়টার্স, সিএনএন-আইবিএন, উইকিপিডিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/এসকে/১৯৩৯ঘ.
bdnews24