ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক দল ও যুক্তরাষ্ট্রের মেরিন চিকিৎসক দলের যৌথ উদ্যোগে সোমবার রংপুরে শুরু হয়েছে "মেডিক্যাল এন্ড ডেন্টাল সিভিক এ্যাকশন প্রোগ্রাম" নামে এক কর্মসূচী।
দশ দিনের এই অনুশীলন কর্মসূচি চলবে রংপুরের মিঠাপুকুর, বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায়। স্থানীয় জনসাধারণের প্রাথমিক স্বাস্থ্য এবং দন্ত চিকিৎসা সেবা দেয়া হবে।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ অনুশীলন কর্মসূচিতে সেনাবাহিনীর চিকিৎসক দলের ২৫ জন ও যুক্তরাষ্ট্রের মেরিন চিকিৎসক দলের ২৬ জন সদস্য অংশ নিচ্ছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর অঞ্চলে মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র মেরিন ফোর্সের মধ্যে ফলপ্রসূ আন্তঃ সম্পর্ক উন্নয়নই এ অনুশীলনের লক্ষ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৩১৭ঘ.
bdnews24