জামালপুর, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান তত্ত্বাবধায়ক সরকার গত ২০ মাসে দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তিনি বলেন, "এ সময় দেশে দারিদ্র্যের হার ২৩ শতাংশ বেড়েছে।"
রোববার জামালপুর জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মুজাহিদ এ কথা বলেন।
দ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার করে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
চারদলীয় জোট নেত্রী খালেদা জিয়াকে জেলে রেখে কোন সমস্যাই সমধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন মুজাহিদ।
জেলা জামায়াতের আমির আ ফ ম নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় নেতা ছামিউল হক ফারুকী, নাজমূল হক সাঈদী, জামালপুর জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন মল্লিক ভোলা, জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন, জামায়াত নেতা অ্যাডভোকেট মজিবুর রহমান, চারদলীয় জোট নেতা ডা. আবুল কালাম আজাদ ফনি ও কাজী নজরুল ইসলাম।
আমাদের শেরপুর প্রতিনিধি জানান, বিকেলে টাউন হলে অনুষ্ঠিত জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে মুজাহিদ বলেছেন- সরকার গত ২০ মাসে দেশকে রসাতলে নিয়ে গেছে।
তিনি বলেন, "এ সরকারের আমলে শতকরা আড়াই ভাগ দুর্নীতি বেড়েছে। এক বছরে পাঁচ হাজার কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে।"
আন্তর্জাতিক পর্যায়ে এখন বাংলাদেশের কোনো বন্ধু নেই উল্লেখ করে তিনি বলেন, "এ অনির্বাচিত সরকারকে এখন আর কেউ দেখতে চায় না।"
জেলা জামায়াত আমির ডা. আব্দুল মোমেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, স্থানীয় নেতা ডা. আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/ডিডি/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24