ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্লগের মাধ্যমে রাজনৈতিক ও সামজিক বিষয়ে নারীর দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মালয়েশীয় নারীদের মতো অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সফররত মালয়েশীয় কলাম লেখক, ব্লগার ও এইডস সচেতনতা কর্মী মেরিনা মাহাথির।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের কনফারেন্স হলে 'মিডিয়ায় লিঙ্গ সমতা' শীর্ষক সম্মেলনে তিনি বলেন, "মালয়েশিয়ায় হাজার হাজার নারী রাজনৈতিক ও সামাজিক ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্লগে লিখছে। অন্যরাও তাদের অনুসরণ করতে পারে।"
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মেয়ে মেরিনা বলেন, "ইন্টারনেটের মতো নতুন মিডিয়ার কারণে সনাতনী মিডিয়া এখন চ্যালেঞ্জের মুখে। ইন্টারনেট ব্যবহার করে যে কেউ তার মতামত সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারেন। নারীরাও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। সনাতনী মিডিয়াগুলো ইন্টারনেটের চ্যালেঞ্জ মোকাবিলা ও নারীদের সুযোগ দিতে ব্যর্থ হলে শিগগিরই তারা নতুন মিডিয়ার পিছনে পড়ে যাবে।"
ব্লগের উদাহরণ টেনে মেরিনা বলেন, "ব্লগিং একটি নতুন ধারা। নারীরাও এর সঙ্গে জড়িত। 'ব্লগহার' নামে একটি ওয়েবসাইট রয়েছে যাতে শুধু নারীরাই লেখেন। সারাবিশ্বে এর সদস্য সংখ্যা প্রায় ১৩ হাজার।"
১৯৯৫ সালে ইউনেস্কোর একটি গবেষণায় পাওয়া তথ্য তুলে ধরে মেরিনা বলেন, "মিডিয়ায় নারীদের উপস্থিতি উল্লেখযোগ্য নয়। এশিয়ায় মিডিয়ায় মোট লোকবলের ২১ শতাংশ নারী, দক্ষিণ আমেরিকাতে ২৫ শতাংশ, দক্ষিণ আফ্রিকাতে ২৭ শতাংশ এবং পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এই হার ৩৫ শতাংশ।"
তিনি জানান, যুক্তরাষ্ট্রে সংবাদ পরিচালক হিসেব টেলিভিশনে নারীর হার ২৪ শতাংশ ও রেডিওতে ২০ শতাংশ। আর সংবাদপত্রে নিউজরুম সুপারভাইজারের দায়িত্বে নারীর হার ৩৪ শতাংশ। অথচ মালয়েশিয়ার মূলধারার কোনো সংবাদপত্র বা টেলিভিশনে একজনও নারী সম্পাদক নেই।
'মিডিয়ায় লিঙ্গ সমতা' সম্মেলনের ঢাকা ঘোষণায় মিডিয়ায় নারীর অংশগ্রহণ বাড়িয়ে নীতি নির্ধারণে তাদের সুযোগ দেওয়া এবং সাংবাদিক সংগঠন ও ক্লাবে নারী নেতৃত্ব উৎসাহিত করতে নীতি প্রণয়নের আহ্বান জানানো হয়।
এছাড়া শিশু অধিকার সম্পর্কিত ইউনিসেফের নীতিমালা অনুসরণের জন্যও ঘোষণায় আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতি নারী নেত্রী ও লেখক সেলিনা হোসেন ঢাকা ঘোষণা-২০০৮ পড়ে শোনান।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম এন্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) আয়োজিত এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজ। মূল প্রবন্ধ পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহমদ।
বিসিডিজেসি প্রেসিডেন্ট নাইমুল ইসলাম খানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকরা সম্মেলনে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এমএইচবি/২১৩৯ ঘ.
bdnews24