সিলেট, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট-ঢাকা মহাসড়কের উনিশ মাইল নামক স্থানে বৃহস্পতিবার বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
নিহতদের মধ্যে তিজন হলেন- উত্তরা কল্যাণ সমিতির নিরাপত্তা প্রহরী মখলিছ মিয়া (৩৫), নেত্রকোনার শিবপাশ তেয়াছি গ্রামের আরজু মিয়ার ছেলে বকুল মিয়া (৩০) এবং সুনামগঞ্জের মানিকপুরের সুনীল ব্যানার্জির ছেলে শ্যামল ব্যানার্জি (৪০)।
আহতদের অধিকাংশকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় নিহত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।
স্থানীয় একজন সাংবাদিক জানান, বিকেল পৌনে ৫টার দিকে উনিশ মাইল এলাকায় এসআর পরিবহনের একটি বাসের (নরসিংদী ব ০২-০০১২) সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি নেত্রকোনার মদন এলাকা থেকে সিলেট আসছিল। অটোরিকশাটি (সিলেট থ ১২-৬৭৬৫) যাচ্ছিল সিলেট থেকে শেরপুর।
তিনি জানান, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। দুটি লাশ বিকৃত হয়ে যাওয়ায় তাদের এখনও সনাক্ত করা যায়নি। এছাড়া হাসপাতালে নেওয়া পথে মারা যাওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ওই সাংবাদিক জানান, দুঘর্টনা কবলিত বাস ও অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে বাসের অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন। ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এদের উদ্ধার করেন।
মারাত্মক আহতরা হলেন- রুবি বেগম (২৫), ছামিয়া বেগম (৩০), রুশনা বেগম (৩২), উজ্জ্বল মিয়া (২০), সঞ্জীব (২৫), ইউসুফ মিয়া (২০), জাহিদ হোসেন (২৬), জামি হোসেন (২৭)।
এদের বেশির ভাগের বাড়ি নেত্রকোনা জেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24