২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'১০০ দিনের কর্মসৃজন' নীতিমালা চূড়ান্ত

কাজ দিতে না পারলে বেকার ভাতা দেওয়ার বিধান রেখে '১০০ দিনের কর্মসৃজন' কর্মসূচির নীতিমালা চূড়ান্ত করেছে সরকার। বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এক বৈঠকে এ নীতিমালা চূড়ান্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, ১৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজ দিতে না পারলে বেকার ভাতা দেওয়ার বিধান রেখে '১০০ দিনের কর্মসৃজন' কর্মসূচির নীতিমালা চূড়ান্ত করেছে সরকার। বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এক বৈঠকে এ নীতিমালা চূড়ান্ত করা হয়। মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে এ কর্মসূচি শুরু হবে। দুই দফায় একশ দিনের এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।" সচিব জানান, এ কর্মসূচির আওতায় একজন শ্রমিককে প্রতিদিন ১০০ টাকা হারে মজুরি দেওয়া হবে। নাম নিবন্ধনের ১৫ দিনের মধ্যে যাদের কাজ দেওয়া যাবে না তাদের প্রথম ৩০ দিনের জন্য ৪০ টাকা (প্রতিদিন) এবং বাকি ৭০ দিন ৫০ টাকা করে প্রতিদিন দেওয়া হবে। একই পরিবারের একাধিক ব্যক্তি এ কর্মসূচির অন্তর্ভুক্ত হতে পারবে না। চলতি অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১০০ দিনের এ কর্মসূচির জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। নীতিমালা অনুযায়ী, দেশের ৬৪ জেলার ২০ লাখ লোক এ কর্মসূচির সুবিধা ভোগ করবে। এ কর্মসূচির আওতায় নদী ভাঙ্গন, মঙ্গা কবলিত এলাকা, হাওর-বাওর-চর এলাকাগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৫০এর মধ্যে। নারী পুরুষ নির্বিশেষে প্রতি পরিবার থেকে একজন কাজ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। সরকারের সামাজিক নিরাপত্তামূলক অন্য কোন কর্মসূচিতে জড়িত থাকলে ব্যক্তি এই কর্মসূচীর আওতাভুক্ত হবেন ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে নিবন্ধিত হওয়া যাবে না। কর্মসূচির প্রথম পর্যায় শুরু হবে মধ্য সেপ্টেম্বর থেকে। চলবে নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্যায় চলবে আগামী বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত। প্রথম দফায় ৬০ দিন ও দ্বিতীয় দফায় ৪০ দিনে পুরো কর্মসূচি বাস্তবায়িত হবে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। তদারকির দায়িত্ব থাকবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত স্টিয়ারিং কমিটির হাতে। একটি এলাকায় এ কর্মসূচির আওতায় কাজ ঠিক করা এবং আবেদনকারীদের নিবন্ধনের দায়িত্ব পালন করবে এই কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/এমএইচবি/২০৪৩ ঘ.