২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ শিশু আনিসুর দম্পতির সন্তান নয়: হাইকোর্ট

পুলিশের সাবেক ডিআইজি আনিসুর রহমান ও স্ত্রী আনোয়ারা রহমান আলোচিত সাত শিশুর বাবা-মা নন বলে বৃহস্পতিবার রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহম্মদের বেঞ্চ এ রায় দেয়। আদালত সাত শিশুকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার যৌথ হেফাজতে দিয়েছে। তাদের রাখা হবে সমিতির আশ্রয়কেন্দ্র 'প্রশান্তি'তে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সাবেক ডিআইজি আনিসুর রহমান ও স্ত্রী আনোয়ারা রহমান আলোচিত সাত শিশুর বাবা-মা নন বলে বৃহস্পতিবার রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহম্মদের বেঞ্চ এ রায় দেয়। আদালত সাত শিশুকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার যৌথ হেফাজতে দিয়েছে। তাদের রাখা হবে সমিতির আশ্রয়কেন্দ্র 'প্রশান্তি'তে। এ সাত শিশু হলো- জান্নাতুল মরিয়ম, আইমন রহমান আনিস, আনাস রহমান আকন্দ, নাফিস রহমান নাইস, দাইয়ান রহমান, জান্নাতুল নাফিজা রহমান ও জান্নাতুল আনিসা রহমান। আদালতের নির্দেশ অনুযায়ী মহিলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শিশুদের খাবার, পোশাক, চিকিৎসা ও লেখাপড়ার বন্দোবস্তসহ যাবতীয় বিষয় দেখাশোনা করবে। বাংলাদেশ মানবিধকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট এলিনা খান বুধবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের দুই সংস্থার নীতিনির্ধারকরা বৈঠক করে সমঝোতার ভিত্তিতে শিশুদের ব্যায়ভার বহনের ক্ষেত্রগুলো ঠিক করবে।" মহিলা আইনজীবী সমিতি এ শিশুদের খাবার, পোশাক, চিকিৎসা ও লেখাপড়ার বন্দোবস্তসহ যাবতীয় বিষয় দেখাশোনা করবে। ডিআইজি দম্পতির বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগে ২০০৬ সালের ১৬ জুন করা মামলার কার্যক্রম চালানোরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত রায়ে বলেছে, শিশুরা পরস্পর ভাই-বোন কিনা- পরীক্ষার জন্য ডিএনএ সিবলিং টেস্ট করার আদেশ দেওয়া হয়। টেস্টের প্রতিবেদন ১৩ আগস্ট হাইকোর্টে জমা দেয় ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। প্রতিবেদন প্রমাণ করেছে সাত শিশু ভাইবোন নয়। আদালত আরো বলেছে, ডিআইজি ও তার স্ত্রীকে ডিএনএ টেস্ট করতে বললেও তাদের আইনজীবী জানিয়েছে টেস্ট করতে তারা ইচ্ছুক নন। তাদের অনাগ্রহ ও শিশুদের হস্তান্তরের সময় উপস্থিত না থাকা প্রমাণ করে সাত শিশু ডিআইজি দম্পতির নয়। সাতটি যমজ বাচ্চা ডাক্তারের সহায়তা ছাড়া ঘরে বসে প্রসব করার নজির বাংলাদেশে নেই মন্তব্য করে হাইকোর্ট বলেছে, এ থেকেও বোঝা যায় এই সাত শিশু ডিআইজি দম্পতির নয়। তবে এরপরও ডিআইজি দম্পতি নিজেদের পিতা-মাতা প্রমাণ করতে চাইলে হাইকোর্টে আবেদন করে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ভবিষ্যতে তা করতে পারবে বলে উল্লেখ করা হয় রায়ে। আনিসুর রহমানের সাত শিশুর ডিএনএ সিবলিং টেস্ট করার জন্য গত ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট। ওইদিনই দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. মিজানুল হকের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ড সাত শিশুর ডিএনএ সিবলিং টেস্ট করে। এ নিয়ে ১৩ আগস্ট শুনানির সময় আদালত বলেছিল, ডিএনএ টেস্টের প্রতিবেদন পাওয়া গেছে বাচ্চারা ভাইবোন নয়। এখন পিতৃত্ব নির্ণয়ের জন্য আনিসুর দম্পতির ডিএনএ টেস্ট করা দরকার। তবে সাবেক ডিআইজির আইনজীবী সাজোয়ার হোসেন আদালতকে বলেন, আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে তার পক্ষে ডিএনএ টেস্ট করা সম্ভব নয়। ২০০৬ সালের মে মাসে সংবাদ মাধ্যমে সাবেক ডিআইজির স্ত্রী আনোয়ারা রহমানের একসঙ্গে জন্ম দেওয়া সাত বাচ্চার খবর প্রচারিত হলে জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। এ ঘটনায় সন্দেহ তৈরি হলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ২০০৬ সালের ২ জুন বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাটি তদন্তের জন্য আদালতের কাছে অনুমতি চায়। মানবাধিকার সংস্থা পরে ডিআইজি আনিসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ২০০৬ সালের ৭ জুন বাড্ডা থানায় আরেকটি জিডি করে। ওই দিনই বাড্ডা পুলিশ ঢাকার সিএমএম আদালতে শিশুদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করানোর অনুমতি চায়। পরদিন মানবাধিকার বাস্তবায়ন সংস্থাও ওই আদালতে একই পরীক্ষার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। এরপর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক আখতারুজ্জামানকে প্রধান করে মেডিকেল বোর্ড করা হয়। কিন্তু নির্ধারিত দিন মা আনোয়ারা রহমান উপস্থিত না থাকায় ডিএনএ টেস্ট করা যায়নি। বিষয়টি নিয়ে এরপর থেকে পাল্টাপাল্টি আইনি তৎপরতা চলতে থাকে। জাতীয় মহিলা আইনজীবী সমিতি শিশু সাতটিকে নিজেদের কাছে রাখার জন্য একটি রিট করে। অন্যদিকে ডিআইজি আনিস সংশয়ের অবসান করতে সিঙ্গাপুরে শিশুদের ডিএনএ টেস্ট করানোর জন্য আবেদন করেন। এ রিট ও পাল্টা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সিঙ্গাপুরে ডিএনএ টেস্ট করানোর অনুমতি দেয়। কিন্তু এর বিরুদ্ধে মানবাধিকার সংগঠন দুটি আপিল করলে ২০০৬ সালের ২৯ জুন আপিল বিভাগ বিষয়টি আবার হাইকোর্ট পাঠায়। এছাড়া, এ মামলায় আদালতকে সাহায্য করার জন্য সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামকে এমিকাস কিউরি নিয়োগ করা হয়। মাহমুদুল ইসলামও শিশুদের ডিএনএ টেস্ট করানোর পক্ষে মত দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এসএনডি/এমএইচবি/১৮৪৭ ঘ.