২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহের মধ্যে ট্রেড ইউনিয়ন চালু: ইকবাল

আগামী এক সপ্তাহের মধ্যে সরকার সীমিত পরিসরে ট্রেড ইউনিয়নের কার্যক্রম চালুর অনুমতি দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 10:26 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এক সপ্তাহের মধ্যে সরকার সীমিত পরিসরে ট্রেড ইউনিয়নের কার্যক্রম চালুর অনুমতি দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। এছাড়া এক সপ্তাহের মধ্যেই শ্রমিকদের সঙ্গে সংলাপের দিনক্ষণও চূড়ান্ত হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ারুল ইকবাল এসব জানান। উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "ট্রেড ইউনিয়নের কার্যক্রম চালুর পর সিবিএ নির্বাচনেরও অনুমতি দেওয়া হবে। বিষয়টি অনুমোদনের পর সংগঠনগুলো নিজ নিজ থানা থেকে অনুমতি নিয়ে নির্বাচন করতে পারবে।" তিনি জানান, এক সপ্তাহের মধ্যেই শ্রমিকদের সঙ্গে সংলাপের দিনক্ষণও চূড়ান্ত করা হবে। এই সংলাপের আগেই ট্রেড ইউনিয়নের কার্যক্রম শুরু হবে। এদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত ২০ ভাগ মহার্ঘ্য ভাতা বিজিএমইএ ও বিকেএমইএ এর শ্রমিকদেরও সরকার দিতে বলেছে। এ বিষয়ে আনোয়ারুল ইকবাল বলেন, "ইতোমধ্যে সরকার ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ্য ভাতার সমপরিমাণ ভাতা শ্রমিকদের দেওয়ার ব্যাপারে বিকেএমইএ ঘোষণা দিয়েছে।" বিজিএমইএকেও শ্রমিকদের এই ভাতা দেওয়ার ঘোষণা দিতে বলা হয়েছে বলে জানান তিনি। গার্মেন্টস খাতে সরকার নিরাপত্তা দিতে পারছে না- মালিকদের এ অভিযোগ প্রসঙ্গে আনোয়ারুল ইকবাল বলেন, "সরকারের অনেক কর্মকাণ্ডের কথা গার্মেন্ট মালিকরা স্বীকার করতে চায় না।" উপজেলা নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "নির্বাচন কমিশন অক্টোবরের মধ্যে উপজেলাগুলোতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন যে সহযোগিতা চাইবে তা দেওয়া হবে।" তিনি বলেন, "আমরা বিভিন্ন এলাকায় গিয়ে দেখেছি স্থানীয় জনগণ উপজেলা নির্বাচন চায়। তাদের মধ্যে এক ধরনের সন্দেহ দেখা দিয়েছে- রাজনৈতিক সরকার এলে আবারও উপজেলা নির্বাচন পিছিয়ে পড়তে পারে; তাই তারা এখনই নির্বাচন চায়। জনগণের এই মানসিকতার পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাচন করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এএল/জিএনএ/১৬২১ ঘ.