বেইজিং, ১৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এত দিন মাইকেল ফেলপসের দুর্দান্ত নৈপুণ্যের ছায়ায় ঢাকা পড়েছিলেন অন্যরা। বৃহস্পতিবার অলিম্পিক ইতিহাসের সফলতম ক্রীড়াবিদ সোনা জয়ের লড়াই অর্থাৎ কোনো ইভেন্টের ফাইনালে অংশ নেননি। সেই সুযোগে পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছেন জাপানের কোসুকে কিতাজিমা। পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের শিরোপা জিতেছেন আগেই। বৃহস্পতিবার ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকেরও সোনা জিতে 'ডাবল' জয়ের অনন্য কৃতিত্ব দেখালেন তিনি।
চার বছর আগে এথেন্স অলিম্পিকেও এই দুই ইভেন্টে সোনা জিতেছিলেন কিতাজিমা। অলিম্পিকে এর আগে কেউ ব্রেস্টস্ট্রোকে টানা দুই বার 'ডাবল' জিততে পারেননি। এই ইভেন্টে ২ মিনিট ৭.৬৪ সেকেন্ডের নতুন অলিম্পিক রেকর্ড গড়া কিতাজিমার কীর্তিটা তাই অনন্যসাধারণই বটে! সবচেয়ে বড় ক্রীড়াআসরে টানা দ্বিতীয় বার 'ডাবল' জিতে তিনি নিজেও ভীষণ বিস্মিত, "টানা দুটো অলিম্পিকে দুটো করে সোনা জয়ের কথা আমি ভাবতেও পারিনি। এটা কখনোই আমার লক্ষ্য ছিল না। আমি শুধু বেইজিংয়ে নিজের সেরাটা ঢেলে দেয়ার দিকেই মনোনিবেশ করেছিলাম।" শুরু থেকেই এগিয়ে থাকা কিতাজিমার পেছনে থেকে রূপা ও ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার ব্রেন্টন রিকার্ড ও ফ্রান্সের হিউগেস দুবস্ক।
কিতাজিমাকে তেমন প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে হয়নি। তবে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে জোর লড়াই হয়েছে ফ্রান্সের অ্যালেইন বার্নার্ড ও অস্ট্রেলিয়ার ইমন সুলিভানের মধ্যে। প্রায় অর্ধেক পথ সুলিভানের পেছনে থেকেও যে লড়াইয়ে জয় পেয়েছেন বার্নার্ড। কয়েক দিন আগে ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলের ফাইনালে এগিয়ে থেকেও শেষ ল্যাপে তারই ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের পেছনে থেকে দ্বিতীয় হয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার সাঁতারের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে জয় পেয়ে বার্নার্ড তাই আনন্দে আত্মহারা, "আমি বিশ্বাসই করতে পারছি না! সেই রিলের পর মানসিকভাবে বেশ হতোদ্যম হয়ে পড়েছিলাম। কিন্তু আমি কিছুতেই হারতে চাইনি। আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়িনি। লড়াইশেষে বোর্ডের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, 'ওহ্, আমি এটা করতে পেরেছি'।" গত সপ্তাহে এই ইভেন্টে দু বার বার্নার্ডের বিশ্ব রেকর্ড ভাঙ্গা সুলিভানও প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন নির্দ্বিধায়, "আজ সেরা মানুষেরই জয় হয়েছে।"
সুলিভান ব্যর্থ হলেও তারই সাবেক প্রেমিকা স্টেফানি রাইস হতাশ করেননি স্বদেশবাসীদের। মহিলাদের ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড গড়েই অস্ট্রেলিয়াকে সোনা এনে দিয়েছেন রাইস ও তার তিন সতীর্থ। নিজেদের ইভেন্টে পূর্ণ মনযোগ দেয়ার লক্ষ্যে অলিম্পিক শুরু হওয়ার ঠিক আগে বিচ্ছেদ ঘটিয়েছিলেন রাইস ও সুলিভান। সেই সিদ্ধান্তের ভালোই সুফল পাচ্ছেন অস্ট্রেলীয় সাঁতারের 'গ্ল্যামার গার্ল' হিসাবে খ্যাত রাইস। বেইজিং অলিম্পিকে এটা তার তৃতীয় সোনা জয়। আগের বিশ্ব রেকর্ড থেকে প্রায় ছয় সেকেন্ড মুছে দেয়া অস্ট্রেলিয়ার পেছনে থেকে রূপা জিতেছে চীনের মেয়েরা। ব্রোঞ্জ পেয়েছে যুক্তরাষ্ট্র।
রিলেতে সোনা জিততে না পারলেও মহিলাদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের দুর্দান্ত সাফল্য পেয়েছে চীন। ২ মিনিট ৪.১৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েই এই ইভেন্টে সোনা জিতেছেন লিউ জিগে। রূপাও চীনেরই জিয়াও লিউইয়াংয়ের দখলে গেছে। প্রায় অর্ধেক পথ এগিয়ে থেকেও তাই ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জেসিকা শিপারকে। অলিম্পিকে রেকর্ড ১১টি সোনা জেতা ফেলপস ২০০ মিটার ব্যক্তিগত মিডলের ফাইনাল সহজেই নিশ্চিত করেছেন এদিন। শুক্রবার বেইজিং অলিম্পিকে নিজের ষষ্ঠ সোনা জয়ের লক্ষ্যে এই ইভেন্টের ফাইনালে লড়বেন তিনি।
শ্যুটিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যর্থতার দুঃখ অনেকখানি ভুলতে পেরেছেন চীনের দু লি। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে নতুন অলিম্পিক রেকর্ড (৬৯০.৩ পয়েন্ট) গড়ে সোনা জিতেছেন তিনি। এথেন্স অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে চ্যাম্পিয়ন হওয়া দু লি'র কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে এবারের অলিম্পিকের প্রথম সোনা জয়ের কৃতিত্ব দেখানো চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা ইমন্স পেয়েছেন রূপা। ব্রোঞ্জ কিউবার ইগলিস ইয়াইমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫০৫ঘ.
bdnews24