ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি বুধবার শেষ হয়েছে। হাইকোর্ট বৃহস্পতিবার এ ব্যাপারে আদেশ দেবে।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ বুধবার এই দিন ধার্য করে দেন।
শেখ সেলিমের পক্ষে শুনানিতে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, আইন অনুযায়ী অভিযোগপত্র দেওয়ার ৪৫ দিনের মধ্যে মামলার বিচার কাজ শেষ করতে হবে। না পারলে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে ১৫ দিন সময় বাড়ানো যাবে। এভাবে বিচার শেষ করার জন্য মোট ৯০ দিন সময় পাওয়া যাবে।
তিনি বলেন, "এ মামলায় গত ১৩ জানুয়ারি অভিযোগপত্র দেওয়ার পর সাত মাস পার হয়ে গেলেও বিচার শেষ হয়নি। তাই আইনত এ মামলা আর চলতে পারে না।"
জবাবে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব এ মামলায় সর্বমোট ২৮ কার্যদিবস বিচার হয়েছে উল্লেখ করে বলেন, "বিচার পরিচালনার ক্ষেত্রে বেআইনি কিছু করা হয়নি।"
প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা দায়ের করেন। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এসকে/২০৪৮ঘ.
bdnews24