নরসিংদী, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় বুধবার সিএনসজি স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুই জন নিহত এবং চার জন আহত হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে কারারচর এলাকার স্টার সিএনজি স্টেশনে ওই বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
বিস্ফোরণে নিহতদের এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সুমন। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর। আহতদের মধ্যে বাসটির চালকও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে নরসিংদীর মনোহরদীগামী যাত্রীবাহী বাসটি দুপুর সাড়ে ১২টার দিকে কারারচরের স্টার সিএনজি স্টেশনে গ্যাস নিচ্ছিল। ওই সময় হঠাৎ করে বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকলবাহিনী গিয়ে আগুন নেভায়।"
বিস্ফোরণে বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায় বলে আব্দুল মান্নান জানান।
আহত পাঁচ জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সুমনকে ঢাকায় পাঠানো হলে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/২০২০ ঘ.
bdnews24