ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
বুধবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিলের আবেদন নিষ্পত্তি করে উভয় পক্ষকে হাইকোর্টে বিচারাধীন রিটের দ্রুত শুনানির উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে।
এই আদেশের ফলে নিম্ন আদালতে মামলা দুটির কার্যক্রম চলবে না।
আদেশের পর হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "আপিল বিভাগ সরকারের লিভ টু আপিল মঞ্জুর করেনি। সরকারের আবেদন নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট উভয় পক্ষে হাইকোর্টে বিচারাধীন রিটের শুনানির উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে।"
তিনি বলেন, "এই আদেশের ফলে নিম্ন আদালতে মামলা দুটির বিচার কার্যক্রম স্থগিত থাকবে। মামলা দুটি স্থগিতের হাইকোর্টের আদেশ বহাল রয়েছে। আপিল বিভাগের রায়ের কপি পেলে হাসিনার রিট দুটির শুনানি নিষ্পত্তির উদ্যোগ নেব।"
গত ৭ জুলাই ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার নিম্ন আদালতের কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিল আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, "মামলা দুুটিতে ঠিক মতই অনুমোদন দেওয়া হয়েছে। মামলা দায়ের ও অভিযোগ পত্র দেওয়ার আগে এই অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক্ষেত্রে কোন আইন লংঘন করা হয়নি।"
শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার ক্ষেত্রে তিন বার অনুমোদন নেওয়ার প্রয়োজন। মামলা দায়ের, অভিযোগপত্র দায়ের ও বিচারিক আদালত মামলা আমলে নেওয়ার সময় এই অনুমোদন দরকার। কিন্তু এ মামলা দুু'টির ক্ষেত্রে আইনের সে বিধান অনুসরণ করা হয়নি।"
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারী খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুদক গত বছরের ২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে।
ওই বছরের ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার। গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়।
এদিকে দুদক গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে।
মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে অবৈধ ভাবে বিনা দরপত্রে দেয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬ শ ৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় পরে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৩১৫ ঘ.
bdnews24