ভোলা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংক ও সরকারের অনুমতি ছাড়া ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করায় বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় সেবক নামের একটি সংস্থার কার্যালয় বন্ধ করে দিয়েছে পুলিশ।
সংস্থার ১১ জন কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তারও করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, থানা সমাজ সেবা কর্মকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে সেবকের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সময় তাদের চার কর্মকর্তা মো. আক্তার পাটওয়ারী (২১), আবদুর রহমান (২৬), মো. বশির উল্লাহ (২৬) ও আলাউদ্দিন মুন্সিকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সদরের সেবকের কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সংস্থার সাত কর্মকর্তা-কর্মচারী- মোস্তাফিজুর রহমান, মো. আলাউদ্দিন, আবুল কালাম আজাদ, মো. আওলাদ, মো. হাসান, মো. জসিম ও জাহাঙ্গীর আলমকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/
bdnews24