২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরকর্মী হত্যা মামলায় চবির সাবেক ১৮ ছাত্র নেতা খালাস

১৯৮৮ সালে ইসলামী ছাত্র শিবির কর্মী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র আমিনুল হত্যা মামলার রায়ে বিশ্ববিদ্যালয়ের তখনকার সর্বদলীয় ছাত্র ঐক্যের ১৮ নেতাকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

চট্টগ্রাম, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৯৮৮ সালে ইসলামী ছাত্র শিবির কর্মী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র আমিনুল হত্যা মামলার রায়ে বিশ্ববিদ্যালয়ের তখনকার সর্বদলীয় ছাত্র ঐক্যের ১৮ নেতাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামসুর রহমান এ রায় দেন। খালাস পাওয়াদের মধ্যে রয়েছেন- চবি ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি একরাম হোসেন, ছাত্রলীগ সভাপতি অভিজিৎ ধর বাপ্পী, ছাত্রলীগ নেতা শফিউল বশর, হাসান মাহমুদ, মঞ্জুরুল আলম শাহীন, মোহাম্মদ শামীম, মোহাম্মদ হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা শমসের হায়দার কাদেরী, জাতীয় ছাত্রলীগ নেতা মোকাদ্দেস আলী মজুমদার, মোহাম্মদ হাসান, ছাত্রমৈত্রী নেতা বিধান রায়, জাসদ ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম প্রমুখ। তারা সবাই জামিনে রয়েছেন। রায় ঘোষণার সময় একরাম হোসেন, শফিউল বশর, মোহাম্মদ শামীম ও শমসের হায়দার কাদেরী আদালতে উপস্থিত ছিলেন। ১৯৮৮ সালের ২৮ এপ্রিল সর্বদলীয় ছাত্র ঐক্য চবি ক্যাম্পাসে মিছিল বের করলে ইসলামী ছাত্র শিবিরের সশস্ত্র ক্যাডাররা হামলা চালিয়ে বহু ছাত্রকে আহত করে। এর রেশ ধরে চট্টগ্রাম বটতলী রেলওয়ে স্টেশনে কয়েকজন যুবকের হামলায় চবি পরিসংখ্যান বিভাগের ছাত্র ও শিবির কর্মী আমিনুল নিহত হন। এ ঘটনায় তৎকালীন রেল স্টেশন কর্মকর্তা আবু তাহের জিআরপি থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ২০ ডিসেম্বর ১৮ ছাত্রনেতাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি পক্ষের আইনজীবী আখতার কবীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ১৯৮৮ সালে এ মামলার অভিযোগপত্র জমা দেয়া হলেও ১৭ বছর পর ২০০৫ সালে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২০৩৬ ঘ.