২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকাতের গুলিতে রিকশা চালক নিহত

জেলার বাঁশখালী উপজেলার পালে গ্রামে সোমবার গভীর রাত ডাকাতের গুলিতে আবদুস সবুর (৩২) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

চট্টগ্রাম, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার বাঁশখালী উপজেলার পালে গ্রামে সোমবার গভীর রাত ডাকাতের গুলিতে আবদুস সবুর (৩২) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের লাঠিপেটায় গুরুতর আহত হয়েছেন হাজেরা খাতুন নামে এক বৃদ্ধা (৬০)। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। একজন স্থানীয় সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দুইটার দিকে ১৫-২০ জনের ডাকাত দল কালীপুর ইউনিয়নের পালে গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে হানা দেয়। প্রতিবেশি রিকশা চালক আবদুস সবুর টের পেয়ে চিৎকার দেন। এ সময় ডাকাতরা গুলি চালালে তিনি ঘটনাস্থলেই মারা যান। ওই সাংবাদিক জানান, পরে ডাকাতরা মোহাম্মদ আলীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতির সময় মোহাম্মদ আলীর মা হাজেরা খাতুন বাধা দিলে ডাকাতরা তাকে বেধড়ক পেটায়। ঘটনার সময় গৃহকর্তা মোহাম্মদ আলী বাড়িতে ছিলেন না। ডাকাতের গুলিতে রিকশা চালক নিহত হওয়ার খবর নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখনও পর্যন্ত ডাকাতির ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ডাকাতির ঘটনায় মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯৪৬ ঘ.