ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার, সাবেক আওয়ামী লীগ সাংসদ কামাল আহমেদ মজুমদার, বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, বিআরটিসির সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার ও আওয়ামী লীগ নেতা শেখ আবদুল্লাহকে জামিন দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এছাড়া বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ওবায়দুল মোক্তাদির চৌধুরীকে জরুরি ক্ষমতা বিধিমালার মামলায় জামিন দেন। কারামুক্তির পর জেলগেটে যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়া তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতেও সরকার ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
দুইটি চাঁদাবাজির মামলায় মোশাররফ হোসেন, অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় শামীম ইস্কান্দার, একটি চাঁদাবাজির মামলায় তৈমুর আলম খন্দকার, অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতির মামলায় কামাল মজুমদার ও শেখ আবদুল্লাহ এবং ত্রানের ঢেউটিন আত্মসাতের দুইটি দুর্নীতি মামলায় নাসিরউদ্দিন পিন্টুকে জামিন দেওয়া হয়েছে।
মোশাররফের পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক, কামাল মজুমদারের পক্ষে ব্যারিস্টার রফিকুল হক, পিন্টুর পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, তৈমুরের পক্ষে তাকাদ্দুস হাসান, আবদুল্লাহর পক্ষে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও মোক্তাদিরের পক্ষে ব্যারিস্টার আমীর উল ইসলাম শুনানিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৮৩৭ ঘ.
bdnews24