ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ার মামলায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তার স্ত্রী ও চার ছেলের বিরুদ্ধে সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ মো. আজিজুল হক এ আদেশ দিয়ে আগামী ১৪ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুবুর রহমান গত রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এতে তিনি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করেন।
মামলার অপর আসামিরা হলেন- শাহ আলমের স্ত্রী আফরোজা বেগম, চার ছেলে- সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান ও সাফওয়ান সোবহান।
অভিযোগপত্রে বলা হয়, শাহ আলম তার ঘোষিত আয়ের বাইরে নিজের ও পোষ্যদের মালিকানায় ১০৭ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৫৫৭ টাকার সম্পদ অর্জন করেছেন এবং কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে ১৪ কোটি ১৭ লাখ ১৮ হাজার ৮০১ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন।
দুর্নীতি দমন কমিশন গত বছরের ৯ ডিসেম্বর রমনা থানায় এ মামলা দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২১০৮ ঘ.
bdnews24