ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ কোরিয়ায় কাজ পেতে আগ্রহীদের কোরীয় ভাষা দক্ষতা যাচাই পরীক্ষার জন্য ইন্টারনেটের মাধ্যমে প্রাক-নিবন্ধন (প্রি-রেজিস্ট্রেশন) রোববার থেকে শুরু হয়েছে। ১২ আগস্ট পর্যন্ত এই নিবন্ধন চলবে।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "গত বছর ৪ জুন কোরিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানির যে চুক্তি স্বাক্ষর করেছিলাম তার ফলেই আমাদের কর্মীদের কোরিয়ায় অত্যন্ত স্বল্প ব্যয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের কূটনৈতিক তৎপরতার ফলে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের জন্য প্রতি বছর ৪ হাজার কর্মীর নির্ধারিত কোটা দ্বিগুণ করে ৮ হাজারে উন্নীত করেছে।"
আগামী ১০ অক্টোবর নিবন্ধনকৃতদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ হাজার ৫০০ বাংলাদেশী এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে প্রাক-নিবন্ধনকারীর এর বেশি হলে লটারির মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক প্রার্থী বাছাই করবে কোরিয়ার হিউমেন রিসোর্স ডিভিশন। আগামী ১৪ আগস্ট www.boesl.org.bd ওয়েবসাইটে নির্বাচিতদের তালিকা পাওয়া যাবে।
সকালে বোয়েসেলে প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম তদারকি করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজির পরিচালক ড. লুৎফুল কবির। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুল মতিন চৌধুরী, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও কোরিয়ার সমঝোতা চুক্তি অনুযায়ী এইচআরডি কোরিয়া (কোরিয়ার মানব সম্পদ বিভাগ) গত ২২ জানুয়ারি বোয়েসেল এর সহযোগিতায় প্রথম দফায় কোরীয় ভাষার পরীক্ষা গ্রহণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২০৫২ ঘ.
bdnews24