রাঙামাটি, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ার ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য লর্ড এরিক অ্যাভেবোরি।
শনিবার প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে রাঙামাটি সফরে এসে তিনি এ কথা বলেন।
রাঙামাটিতে বিভিন্ন পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তা ছাড়াও পাহাড়ি ও বাঙালি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা।
আট সদস্যের এ প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন- কো-চেয়ার সুলতানা কামাল, সদস্য টমাস খ্রিস্টিয়ান, ইয়ানা কি আরকে, অধ্যাপক জাফর ইকবাল, ড. স্বপন আদনান, মেঘনা গুহঠাকুরতা ও ব্যারিস্টার সারা হোসেন। আন্তর্জাতিক আদিবাসী দিবসে তাদের এ সফর অনুষ্ঠিত হল।
প্রতিনিধি দলটি সকাল ১১টার দিকে তারা সেনাবাহিনীর জোন হেডকোয়ার্টারে রাঙামাটি জোনের ব্রিগেডিয়ার জেনারেল আবু সোহেলসহ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দেখা করে।
এ সময় লর্ড অ্যাভেবোরি সাংবাদিকদের বলেন, "পার্বত্য চট্টগ্রামে ভূমিসহ অনেক সমস্যা রয়েছ। সেগুলো সমাধানের জন্য দীর্ঘ প্রক্রিয়া দরকার। এখানকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য সরকারের কাছে সুপারিশ করাই হল এ কমিশনের কাজ।"
তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে হলে পাহাড়ি-বাঙালি সহাবস্থান নিশ্চিত করতে হবে। এছাড়া সেনাবাহিনী, সিভিল প্রশাসন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন আন্তর্জাতি সংস্থা এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।"
প্রতিনিধি দলের সদস্যরা দুপুরে সার্কিট হাউজে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় তারা রাঙামাটির সাবারাং রেস্টুরেন্টে আদিবাসী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। রাত সাড়ে আটটায় একই স্থানে কথা বলেন স্থানীয় বাঙ্গালি নেতৃবৃন্দের সঙ্গে। এসব মতবিনিময় সভায় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
এ সময় পাহাড়ি নেতৃবৃন্দ পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, চুক্তি অনুযায়ী সেনাক্যাম্প প্রত্যাহার ও স্থায়ী বাসিন্দারের নিয়ে ভোটার তালিকা তৈরি করে তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচন আয়োজন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে ক্ষমতা হস্তান্তর ও জেলা পরিষদের বিভাগগুলো হস্তান্তর এবং স্বাধীন ভূমি কমিশন গঠন করে পার্বত্য চট্টগ্রামে ভূমি জবর দখল বন্ধ করার দাবি জানান।
স্থানীয় বাঙ্গালি নেতারাও কমিশনের কাছে তাদের দাবি-দাওয়া জানান। তারা পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্পের সংখ্যা বৃদ্ধি, ভূমির ক্ষেত্রে পাহাড়ি-বাঙালিদের সমঅধিকার প্রতিষ্ঠা, চাকরি ও শিক্ষার ক্ষেত্রে কোটা বণ্টনে সমতা রক্ষা, পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের ক্ষমতার ভারসাম্য রক্ষা করা-ইত্যাদি দাবির কথা জানান।
সাবারাং রেষ্টুরেন্টের মতবিনিময় সভায় আদিবাসী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ান, চিংকিউ রোয়াজা, দীপেন দেওয়ান, সাগরিকা রোয়াজা, সুদত্ত বিকাশ তংচংগ্যা, ডা. কনিস্ক চাকমা, মনোজ বাহাদুর গুর্খা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সুকুমার দেওয়ান, বিজয় কেতন চাকমা প্রমুখ।
স্থানীয় বাঙালি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাংবাদিক সুনীল কান্তি দে, মো. ইউসুফ আলম, জাহাঙ্গীর আলম মুন্না, এম জিসান বখতেয়ার, মো. আব্বাস উদ্দীন প্রমূখ।
প্রতিনিধি দলের সদস্যরা খাগড়াছড়ি সফর শেষে শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি আসেন। শনিবার তারা বান্দরবানের উদ্দেশে রাঙামাটি ছাড়েন।
পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি ও মানবধিকারসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের আট সদস্য তিন পার্বত্য জেলা সফর করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/২৩২৮ ঘ.
bdnews24