২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে টেলিকম প্রতিষ্ঠানের মাল লুট, ব্যংক ডাকাতির চেষ্টা ব্যর্থ

শাহজালাল ইসলামী ব্যাংকের জয়দেবপুর চৌরাস্তা শাখায় বৃহস্পতিবার রাতে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। ডাকাতরা ব্যাংকের ভল্টের চারটি তালার দু'টি ভেঙে ফেললেও বাকি দু'টি তালা ভাঙতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 05:04 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

গাজীপুর, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শাহজালাল ইসলামী ব্যাংকের জয়দেবপুর চৌরাস্তা শাখায় বৃহস্পতিবার রাতে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। ডাকাতরা ব্যাংকের ভল্টের চারটি তালার দু'টি ভেঙে ফেললেও বাকি দু'টি তালা ভাঙতে পারেনি। তবে দুবৃত্তরা একই ভবনের বাংলালিংক টেলিকম প্রতিষ্ঠান থেকে নগদ ৪০ হাজার টাকা এবং ২২ লাখ টাকার স্ক্র্যাচ কার্ড ও একটি মোবাইল ফোন সেট লুট করে। জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার নাজমুল ইসলাম খান বলেন, পুলিশ শুক্রবার সকালে ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে খবর পায়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অক্সিঅ্যাসিটিলিন শিখা (ঝালাইয়ে ব্যবহৃত গ্যাসের আগুন) ব্যবহার করে তালাগুলো ভাঙা হয়েছে এবং সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যাওয়ায় ভল্টের বাকি দুটি তালা ভাঙতে পারেনি ডাকাতরা। ব্যাংকের ক্লোজ্ড সার্কিট টেলিভিশনের সংযোগও বিচ্ছিন্ন করে ফেলেছিল দুর্বৃত্তরা। " ভবনের নিরাপত্তারক্ষীদের অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের কথাবার্তা অসংলগ্ন ছিল বলে পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম খান জানান। তারা (নিরাপত্তারক্ষী) কিভাবে অচেতন হলো তা পরিস্কার হয়নি বলে জানান তিনি। ভবনের নিরাপত্তারক্ষী দুলাল মিয়া (৫০) ও আলমগীর (৫৫), ব্যাংকের নিরাপত্তা রক্ষী মিজানুর রহমান (৫৬) এবং বাংলা লিংক ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী আতোয়ারুল হককে (৫৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে ব্যাংকের শাখা ব্যবস্থাপক একে ফজলুল হক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সহ-ব্যবস্থাপক মোহাম্মদ আনিছুর রহমান প্রথমে ডাকাতি প্রচেষ্টার ঘটনা টের পান। তার কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও অন্য ব্যাংক কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ভবনের মূল গেটের তালা ভাঙা পান। এছাড়া দোতলায় ব্যাংকের গেট, ভল্ট রুমের তালা, কাঁচের দরজা, সিন্দুকের দু'টি লক, ভল্ট কক্ষের স্টিলের আলমারির লক ভাঙা ছিল। তবে ব্যাংক থেকে কোন টাকা খোয়া যায়নি। গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেনসহ ঊর্র্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া দুপুরে ডিআইজি (ঢাকা রেঞ্জ) মো. আমির উদ্দিন গাজীপুরে এসে সহকর্মীদের সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসকে/২২৫৯ঘ.