ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজিব (৩৪) নামে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে হত্যার এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
সূত্রাপুর থানার উপ পরিদর্শক অলিভ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টার দিকে গেন্ডারিয়া অক্ষয়দাস সড়কে ফজলুল হক মহিলা কলেজের উল্টো দিকে সন্ত্রাসীরা রাজিবকে হত্যা করে। মোটর সাইকেলে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি। সন্ত্রাসীদের গুলিতে তাজউদ্দিন (৩৫) নামে এক পথচারীও আহত হন।
রাজিবের বাসা গেন্ডারিয়ার রজনী চৌধুরী সড়কে। কাঠের ব্যবসার সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানায়।
অলিভ মাহমুদ বলেন, "রাজিবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যার সঙ্গে জড়িত কয়েকজনের নামও পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
বাম হাতে গুলিবিদ্ধ তাজউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/এমএইচবি/২৩০৪ ঘ.
bdnews24