কিশোরগঞ্জ, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা এলাকায় বুধবার রাতে বাস ডাকাতি হয়েছে।
ডাকাতদের হামলায় বাসের চালক ও দুইজন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকার মাল লুটে নেওয়া হয়েছে বলে পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন।
গুরুতর আহত এক বাসযাত্রীকে পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অপর দুজনকে।
বৃহস্পতিবার সকালে মো. আলাউদ্দিন নামের এক বাসযাত্রী পাকুন্দিয়া থানায় একটি মামলা করেছেন।
কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা জানান, বুধবার বিকালে ঢাকার মহাখালী থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৩৯০১) টঙ্গী পৌঁছার পর ৭/৮ জন যাত্রী বাসে উঠে।
রাত ১০টার দিকে বাসটি পাকুন্দিয়ার মঠখোলা পৌঁছার পর যাত্রী সেজে ওঠা ডাকাতরা প্রথমে বাস চালক কবীরের উপর হামলা চালায় এবং বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে একে একে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা পয়সা ও অন্যান্য মাল লুটে নেয়।
তিনি জানান, ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন বাসযাত্রী ছাত্তার ও কাজীম উদ্দিন। গুরুতর আহত অবস্থায় ছাত্তারকে হাসপাতালে ভর্তি করা হয়।
পাকুন্দিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24