২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা পুনর্নির্ধারণের গেজেট ৩ মাস স্থগিত

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের গেজেটের কার্যকারিতা তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট। গেজেটটি কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না- তার কারণ দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনার, দুই কমিশনার, কমিশন সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে জানাতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 11:17 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের গেজেটের কার্যকারিতা তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট। গেজেটটি কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না- তার কারণ দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনার, দুই কমিশনার, কমিশন সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে জানাতে বলেছে আদালত। গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকা- ২ (নবাবগঞ্জ) আসনে বিএনপির সাবেক সাংসদ ও মন্ত্রী আবদুল মান্নানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। রিটকারী ও তার আইনজীবীর দাবি, আদালতের আদেশের ফলে আগের সীমানা অনুযায়ীই জাতীয় সংসদ নির্বাচন হবে। আদেশের পর রিটকারী আবদুল মান্নান বলেন, "জনগণের পছন্দ অনুযায়ী আসনে ভোট দেওয়ার অধিকার খর্ব করায় আবেদনটি করেছিলাম।" তার আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, "১০ জুলাই তিনশটি আসনের সীমানা নির্ধারণের যে গেজেট জারি হয়েছিল তা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এতে করে আগের নির্ধারিত সীমানা বহাল থাকল। সেই অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে।" শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, "নির্বাচনী আইন অনুযায়ী একটি জাতীয় সংসদ নির্বাচনের পর আদমশুমারি করতে হয়। তারপর নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ। এছাড়া, আইন অনুযায়ী জাতীয় সংসদের আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হবে ভোটার তালিকা প্রণয়নের আগে। কিন্তু এবার ভোটার তালিকার শতকরা ৯৯ ভাগ কাজ শেষ করার পর গত ১০ জুলাই সীমানা পুনর্নির্ধারণের গেজেট প্রকাশ করা হয়।" শুনানিতে আরো বলা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করা, সীমানা পুনর্নির্ধারণ নয়। আদালতের আদেশের বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, ''হাইকোর্টের এ আদেশ দেখে আমরা জবাব দেব।" এর আগে আব্দুল মান্নানের আরেক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের ১৩৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আদেশ জারি করে হাইকোর্ট। বিচারপতি এম এ রশিদের নেতৃত্বাধীন বেঞ্চে ওই রিট আবেদনটি চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) গত ২৯ এপ্রিল জাতীয় সংসদের ১৩৩ আসনের সীমানা প্রাথমিকভাবে পুনর্নির্ধারণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএনডি/জিএনএ/১৭১৪ ঘ.