সাভার, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার থানা পুলিশের উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী (২২)।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মিজানুর রহমানের আদালতে মঙ্গলবার সাভারের জামগড়া এলাকার তরণীটি মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই সাভারের উলাউল বাসস্ট্যান্ডের কাছে তিন থেকে চার যুবক অভিযোগকারী তরুণীকে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ১ আগস্ট অজ্ঞাত যুবকদের বিরুদ্ধে সাভার থানায় জিডি করতে যান তিনি। উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক পরদিন আসামি ধরা হয়েছে জানিয়ে তরুণীটিকে থানায় আসতে বলেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি থানায় এলে আবু বক্কর নিজের কক্ষে বসিয়ে রেখে কিছুক্ষণ গল্প করেন এবং ভাল চাকরি দেওয়ার আশ্বাস দেন।
অভিযোগে বলা হয়, পরদিন ৩ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে আবু বক্কর ফোন করে মেয়েটিকে সাভারের এনাম মেডিকেল কলেজের সামনে ডেকে নেন। এরপর মাইক্রোবাসে করে তাকে বলিয়ারপুর সেতুর কাছে নির্জন স্থানে নিয়ে গিয়ে গাড়ির ভেতরে ধর্ষণ করেন আবু বক্কর।
মামলায় অভিযোগকারী বলেন, এ ঘটনায় ৩ আগস্ট সাভার থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাকে থানা বের করে দেয়।
এ ব্যাপারে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুনেছি সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) আবু বক্করের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়েছে। তবে এখনও কপি হাতে পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
আসামি আবু বক্কর সিদ্দিকের সঙ্গে ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লাইন কেটে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/
bdnews24