ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চারটি চাঁদাবাজি মামলায় তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে চার মাসের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
পাশাপাশি আদালত মামলা চারটির কার্যক্রমও চার মাসের জন্য স্থগিত করেছে।
এছাড়া এ মামলা চারটি কেন বাতিল করা হবে না আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
বুধবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ মামুনের পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
গত বছর ২৭ মার্চ, ৪ মে ও ৯ মে গুলশান থানায় এবং ১৯ এপ্রিল ধানমন্ডি থানায় মামুনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাগুলো দায়ের করা হয়।
মামুনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার ফকরুল ইসলাম। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির।
ব্যারিস্টার ফকরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে মামুন পাঁচটি মামলায় জামিন পেলেন।
মামুনের বিরুদ্ধে আরও ৬টি মামলা রয়েছে বলে তিনি এসময় উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮১২ঘ.
bdnews24