মৌলভীবাজার, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার আত্মসাত মামলায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আট সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার মামলার নির্ধারিত তারিখে মৌলভীবাজার হাকিম আদালতে হাজির হয়ে অভিযুক্তরা জামিন আবেদন করেন। আদালত চেয়ারম্যান ও আট সদস্যের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর এবং সদস্য আব্দুল মোহিত, আমিনুল হক খোকন, আব্দুর রশীদ, তাজুদ আলী, ছোবহান মিয়া, রতন বর্মা, মোহন লাল ও আকল রাম তুরিয়া।
শফিকুজ্জামান নামের অপর একজন ইউপি সদস্য কিছুদিন আগে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর মহিলা সদস্য গুলবাহারুন নেছা, মাহবুব আরা ও লক্সী রাজভরকে জামিন দেওয়া হয়।
সার আত্মসাতের অভিযোগে ২০০৬ সালের ২ এপ্রিল তাদের বিরুদ্ধে মামলাটি করেন তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদুর রহমান মল্লিক।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় তিন বছর তদন্ত শেষে গত ৩০ জুলাই আদালতে শমশেরনগর ইউপি চেয়ারম্যান এবং ওই সদস্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
তিনি জানান, ২০০৪-২০০৫ অর্থ বছরের কৃষি পুনর্বাসনের আওতায় শমসেরনগর ইউনিয়নের প্রান্তিক চাষীদের জন্য কৃষি ও পুনর্বাসন মন্ত্রণালয় ২৫ মেট্রিক টন সার বরাদ্দ দেয়। বরাদ্দকৃত সার প্রান্তিক চাষীদের মধ্যে বণ্টন না করে ভুয়া মাষ্টার রোল তৈরির মাধ্যমে চেয়ারম্যান আব্দুল গফুরসহ ইউনিয়ন পরিষদের ১৩ সদস্য তা আত্মসাত করেছেন বলে অভিযোগ ওঠে।
২০০৫ সালের ৬ মার্চ মৌলভীবাজারের জেলা প্রসাশকের কাছে তাদের বিরুদ্ধে সার আত্মসাতের অভিযোগ করেন ইউনিয়নের ১৩০ জন কৃষক। এর পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি তদন্ত করে সার আত্মসাতের প্রমাণ পান।
মামলা দায়েরের পর জেলা প্রশাসক শমসেরনগর ইউনিয়ন পরিষদ বিলুপ্ত ঘোষণা করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে ইউনিয়নের প্রশাসক নিযুক্ত করেন।
মামলা ও ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করায় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ওই সময় উচ্চ আদালতে রিট আবেদন করেন।
উচ্চ আদালত দুই মাসের জন্য মামলার কার্যক্রম ও জেলা প্রশাসকের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন। বার বার স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে চেয়ারম্যান ও সদস্যরা তাদের দায়িত্বের মেয়াদকাল পূর্ণ করেন। তবে তাদের মেয়াদ কবে শেষ হয়েছে বা হবে সেটা বিষয়টি জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24